রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

বুরকিনা ফাসোকে ৭ গোলে উড়িয়ে বড় জয় স্কালোনির আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

বুরকিনা ফাসোকে ৭ গোলে উড়িয়ে বড় জয় স্কালোনির আর্জেন্টিনার

ফিফা আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় প্রীতি ম্যাচে বুর্কিনা ফাসোকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। রোববার রাতে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী দেখায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

এর আগের ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে ৪-০ গোলের জয়ের পর এই আন্তর্জাতিক বিরতিতে কোনো গোল হজম না করেই দুই ম্যাচে মোট ১১টি গোল করল বিশ্বচ্যাম্পিয়নরা।

বুর্কিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার এই ম্যাচ নিয়ে অবশ্য নাটকও কম হয়নি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে জানা গেছে, মরক্কো থেকে প্রথম চার্টার ফ্লাইট বাতিল হওয়ার খবরটি বুরকিনা ফাসো জাতীয় দলের খেলোয়া[ড়রা বিমানবন্দরে গিয়ে পান। তাদের আর্জেন্টিনায় উড়াল দেওয়ার ব্যবস্থাপনায় থাকা প্রতিষ্ঠানটিও চুক্তি বাতিল করতে চেয়েছিল। শেষ পর্যন্ত তাড়াহুড়া করে পরবর্তী ফ্লাইটের ব্যবস্থা করতে করতে ম্যাচটি খেলতে বেঁকে বসেন জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়। বুরকিনা ফাসোর সংবাদমাধ্যম ‘বুরকিনা ২৪’ জানায়, কোচ আমির আব্দোউ বাধ্য হয়েই অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের ডাকেন। 

মূল জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে শুধু মিডফিল্ডার চেক বেবেল দৌউম্বিয়াকে পেয়েছেন বুরকিনা ফাসো কোচ। কাসাব্লাঙ্কা থেকে রওনা হয়ে বুরকিনা ফাসো ফুটবল দল আর্জেন্টিনার মাটিতে পা রাখে এই ম্যাচ শুরুর ৫ ঘণ্টা ১৫ মিনিট আগে। এয়ারবাস এ৩৩০-২০৩ মডেলের বিমানে ৯,২৩১ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগেছে ১১ ঘণ্টা ৪২ মিনিট।

দীর্ঘ সময় ভ্রমণ ক্লান্তি কাটিয়ে ওঠার আগেই আবার গত বিশ্বকাপের রানার্স আপ দলটির বিপক্ষে খেলতে নামতে হয়েছে আফ্রিকার দলটিকে। এমন ম্যাচে তাই ৭ গোল হজম করতে হয়েছে দলটিকে। 

ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি-বক্সে আগুস্তিন জিয়ায়কে সফরকারী ডিফেন্ডার মৌমুনি দিয়ালো ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। লাউতারো মার্তিনেসের নেয়া প্রথম শট বুর্কিনা ফাসোর গোলরক্ষক রাজাক গুইরা আটকে দিলেও রিবাউন্ড থেকে বাঁ পায়ের ফিরতি শটে বল জালে পাঠান মার্তিনেস। জাতীয় দলের হয়ে এটি তাঁর ৪২তম গোল।

চার মিনিট পর আবারো ভুল করে বসেন বুর্কিনা ফাসোর ডিফেন্ডার দিয়ালো। বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে পাঠিয়ে দিলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১২ মিনিটে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করে ব্যবধান ৩-০ করেন তরুণ ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেসতিয়ান্নি।

ম্যাচের প্রথমার্ধেই খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। ৩৫ মিনিটে নিকোলাস পাস এবং এর এক মিনিট পরেই হুলিয়ান আলভারেস গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কালোনির দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে আর্জেন্টিনা। ৫৭ মিনিটে বদলি হিসেবে নেমে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল তুলে নেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। গোলরক্ষককে একা পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান এই তরুণ তারকা। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষে ইনজুরি টাইমে (৯০+৩ মিনিট) জিওভানি সিমিওনে ম্যাচের শেষ গোলটি করলে ৭-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর