শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

রোনালদোর এক ‘লাইক’ নিয়ে ফের বিতর্ক পর্তুগাল শিবিরে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

রোনালদোর এক ‘লাইক’ নিয়ে ফের বিতর্ক পর্তুগাল শিবিরে

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প হঠাৎ ছেড়ে চলে যাওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে যে বিতর্ক চলছে, তাতে নতুন মাত্রা যোগ হয়েছে। এবার নিজে কোনো কথা না বলেই এক ভিডিওতে ‘লাইক’ দিয়ে সতীর্থদের আচরণ ও কোচ জর্জ জেসুসের সমালোচনায় পরোক্ষ সমর্থন জানিয়েছেন তিনি। ব্রাজিলের সাবেক ফুটবলার ফেলিপে মেলোর সেই ভিডিওতেই রোনালদোর প্রতিক্রিয়া দেখা গেছে, যা স্প্যানিশ সংবাদমাধ্যম এএসসহ একাধিক মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

মেলো তাঁর ভিডিওতে রোনালদোর সঙ্গে পর্তুগালের আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, পর্তুগিজরা ক্রিশ্চিয়ানোর সঙ্গে যেভাবে আচরণ করছে, তার সঙ্গে আর্জেন্টিনায় লিওনেল মেসিকে দেওয়া সম্মানের কোনো তুলনাই হয় না। দুই দেশের এই পার্থক্য অনেক বড়। এরপর তিনি আরও কড়া ভাষায় যোগ করেন, রোনালদোর বিপক্ষে খেলা প্রতিপক্ষদের কাছ থেকেও যতটা সম্মান পাওয়া যায়, নিজের জাতীয় দলের সতীর্থদের কাছ থেকে ততটা দেখা যায় না। কেউই তাঁর ধারেকাছে নেই। ক্রিশ্চিয়ানোর সঙ্গে কারও তুলনা চলে না।

মেলোর মতে, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এবং পর্তুগালের সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড়কে এভাবে দল থেকে বিদায় নিতে দেওয়া যায় না। জর্জ জেসুসের সঙ্গে রোনালদোর দ্বন্দ্বের প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, দুজনের মধ্যে একজনের পক্ষ নিতে হলে তিনি রোনালদোর পক্ষেই থাকবেন।

এই ভিডিওতে রোনালদোর লাইক দেওয়াকে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে তাঁর অসন্তোষের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। যদিও তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

ঘটনার শুরু হয় নেশন্স লিগে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ে। পুরো ম্যাচ বেঞ্চে বসে থাকেন রোনালদো। পর্তুগাল ক্যারিয়ারে এমন ঘটনা দীর্ঘ সময় পর ঘটেছিল। এরপর কোচ জেসুসের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। ৩০ সেপ্টেম্বর ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। বিদায়ের আগে জেসুস সংবাদ সম্মেলনে স্বীকার করেন, বেঞ্চে থাকায় রোনালদো অসন্তুষ্ট ছিলেন। তবে ব্যক্তিগত বিরোধের কথা অস্বীকার করেন।

ক্যাম্প ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো জানান, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। উপযুক্ত সময়ে পুরো সত্য জানাবেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জাতীয় দলের প্রতি ভালোবাসা ও সতীর্থদের প্রতি শুভকামনা প্রকাশ করেন।

মেলো একা নন। চিলির আর্তুরো ভিদালও জেসুসের সমালোচনা করে রোনালদোকে সমর্থন জানিয়েছেন। ভিদালের মতে, এমন একজন তারকাকে এভাবে চলে যেতে দেওয়া লজ্জাজনক। পর্তুগিজ ফুটবলকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁকে আরও সম্মান দেখানো উচিত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর