শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

আফগান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

আফগান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা বড় স্বস্তির খবর এসেছে। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের আগে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত হচ্ছেন। জ্বরের কারণে এশিয়ান গেমস মিশন থেকে ছিটকে যাওয়া এই অভিজ্ঞ ব্যাটার এখন সুস্থ হয়ে উঠেছেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন।

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে এই টেস্ট। শুরুতে শান্ত দলের সঙ্গে যেতে না পারায় তার অংশগ্রহণ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। সতীর্থরা আগেভাগে আমিরাতে চলে গেলেও তিনি জাপানে আটকে পড়েছিলেন। জাপানে পৌঁছানোর পর থেকেই তার জ্বর শুরু হয়। চার দিন ধরে জ্বর না কমলে তাকে দেশে ফেরত পাঠানো হয়। বিসিবির পক্ষ থেকে পরীক্ষা করানো হয়। তাতে সংক্রমণ ধরা পড়ে, তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষায় ফল নেগেটিভ আসে।

বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার ক্রিকবাজকে জানিয়েছেন, তিনি আশাবাদী যে শান্ত আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে খেলতে পারবেন। বাশার বলেন, “এখনও তাকে বাদ দেওয়া হয়নি এবং তার সঙ্গে আমার কথা হয়েছে। এমন জ্বর হলে শরীর দুর্বল হয়ে পড়ে। জাপানে সে হোটেলেই আটকে ছিল। বাইরে যেতে না পারায় হোটেলে খাবার খেতেও তার সমস্যা হচ্ছিল। তবে এখন সে ভালো বোধ করছে এবং সার্বিকভাবে ভালো অবস্থায় আছে।”

বাশার আরও বলেন, “আমি আশাবাদী যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সে খেলতে পারবে।”

এই টেস্ট শেষে বাংলাদেশ ও আফগানিস্তান জিম্বাবুয়েসহ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে। সেই সিরিজ চলবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর