শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

১০ বছর রোনালদোর পক্ষে থাকলেও, এখন মেসিই সেরা: মুলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

১০ বছর রোনালদোর পক্ষে থাকলেও, এখন মেসিই সেরা: মুলার

ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, এই বিতর্ক যুগের পর যুগ চলছে। জার্মানির সাবেক তারকা ও বায়ার্ন মিউনিখের কিংবদন্তি থমাস মুলার সম্প্রতি আবারও এই প্রশ্নের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'পুরো ছবিটা দেখলে মেসিই সর্বকালের সেরা ফুটবলার ।'

মুলার জানান, এই প্রশ্ন তাকে অসংখ্যবার করা হয়েছে। তার ক্যারিয়ারের প্রথম দশকে তিনি রোনালদোর পক্ষেই ছিলেন। কিন্তু এখন পুরো বিষয়টি বিবেচনা করে তার মত বদলেছে। তিনি বলেন, 'শুধু গোল বা শিরোপা নয়, মেসির খেলা উপভোগ করার যে আনন্দ, তাই তাকে আলাদা করে তোলে।' 

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা এবং তারপরও ধারাবাহিক পারফরম্যান্স মেসিকে প্রকৃত বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মুলারের কথায়, 'তারকা হওয়ার আগে থেকেই মেসির খেলা দেখে মানুষ মুগ্ধ হতো। এটা কোনো সাময়িক ব্যাপার নয়, প্রায় দুই দশক ধরে চলে আসছে। পরিসংখ্যানের পাশাপাশি খেলার সৌন্দর্য ও আনন্দই তাকে সেরা করে তোলে।'

এর আগেও মুলার মেসির পক্ষে কথা বলেছেন। একসময় রোনালদোর কাজের নৈতিকতা ও সাফল্যের প্রতি বেশি ঝোঁক থাকলেও সময়ের সঙ্গে খেলার স্টাইল ও নান্দনিকতা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ক্লাব পর্যায়ে মেসির বিপক্ষে মুলারের রেকর্ড বেশ ভালো। বার্সেলোনার বিপক্ষে ১০ ম্যাচে তিনি ৮ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন। সেসব ম্যাচের মধ্যে তার দল জিতেছে ৭টিতে, মেসির দল মাত্র ৩টিতে। পিএসজির হয়ে মেসির সঙ্গেও মুখোমুখি হয়েছেন এবং ২০২৩ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বায়ার্ন জয়ী হয়।

আন্তর্জাতিক অঙ্গনেও মুলার মেসির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ২০১০ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারায়। ২০১৪ ফাইনালেও জার্মানি ১-০ গোলে জিতে শিরোপা তুলে নেয়।

অন্যদিকে রোনালদোর বিপক্ষে মুলারের পরিসংখ্যান তেমন উজ্জ্বল নয়। ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে চ্যাম্পিয়নস লিগ নকআউটে বায়ার্ন ও রিয়াল মাদ্রিদের লড়াইয়ে আটবার মুখোমুখি হন তারা। সেসব ম্যাচে রোনালদো ৯ গোল করেন, মুলার গোল পাননি। চারটি নকআউট সিরিজের মধ্যে তিনটিতেই রিয়াল এগিয়ে যায়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর