শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

পদত্যাগ করার কোনো কারণ দেখছেন না লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

পদত্যাগ করার কোনো কারণ দেখছেন না লিটন

এশিয়ান গেমসে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে কোনো পদক ছাড়াই খালি হাতে দেশে ফিরছে বাংলাদেশ। এমন ব্যর্থতার পরও দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অধিনায়ক লিটন দাস।

শনিবার ব্রোঞ্জ পদকের নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হারের পর এক সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়বেন কি না, এমন প্রশ্নের জবাবে লিটন সরাসরি না জানিয়ে দেন। তিনি বলেন, "আমার পারফরম্যান্স প্রত্যাশানুযায়ী হয়নি। দুটি ম্যাচের কোনোটিতেই আমি ভালো খেলতে পারিনি। তবে না, আমি পদত্যাগ করতে চাই না। ক্রিকেটে সব দিন সমান যায় না। একদিন সব ভালো যাবে, আরেকদিন যাবে না। পদত্যাগ করার কোনো কারণ দেখছি না।"

টুর্নামেন্টে ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন লিটন দাস। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বলেই (গোল্ডেন ডাক) আউট হন তিনি।

সোনা জয়ের বিশাল লক্ষ্য নিয়ে জাপানে পৌঁছালেও প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। এরপর ব্রোঞ্জ জেতার সুযোগ থাকলেও শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে এশিয়ান গেমসের ইতিহাসে এবারই প্রথম কোনো পদক ছাড়া খালি হাতে টুর্নামেন্ট শেষ করল লাল-সবুজ প্রতিনিধিরা।

ম্যাচে এক পর্যায়ে ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল শ্রীলঙ্কা। তবে সাহান আরাচ্চিগে ও থারিন্দু রথনায়কের ষষ্ঠ উইকেটে ৯৩ রানের জুটিতে ভর করে ৯ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

দলের বোলিং ও ব্যাটিং নিয়ে হতাশ লিটন বলেন, "আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। প্রথম আট ওভার আমরা দুর্দান্ত বল করেছিলাম। কিন্তু এরপর ওদের এক ব্যাটার এসে যেভাবে শট খেলল, তাতে আমাদের বোলারদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। ক্রেডিট তাকে দিতেই হবে। আর রান তাড়া করতে নেমে আমরা একেবারেই ভালো ব্যাটিং করতে পারিনি।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর