দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী উদীয়মান তারকা লুয়ান-ড্রে প্রিটোরিয়াস পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের দীর্ঘদিনের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন। ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিরুদ্ধে টাইটানসের হয়ে মাত্র ৭৯ বলে ১৮৮ রানের এক অবিশ্বাস্য অপরাজিত ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি দ্বিশতক ছোঁয়া থেকে মাত্র ১২ রান দূরে থেমেছেন তিনি।
এই খুনে ইনিংসের মাধ্যমে ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিস গেইলের করা ১৭৫* রানের ১৩ বছর আগের রেকর্ডটি ভেঙে দিলেন প্রিটোরিয়াস। এটি ছিল তাঁর ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি।
ব্লুমফন্টেইনের মাঠে শুরু থেকেই নাইটসের বোলারদের ওপর চড়াও হন প্রিটোরিয়াস। তাঁর রানের গতি ছিল রূপকথার মতো। নিজের প্রথম ৫০ রান তিনি করেন ২৪ বলে। সেঞ্চুরি করতে বাকি ৫০ রান করেন পরের ১৬ বলে। ১৫০ রান করেন ৫৮ বলে।
নাইটসের সকল বোলারের ওভারপ্রতি ইকোনমি রেট ছিল ১১ বা তার বেশি। প্রিটোরিয়াসের ১৫টি চার ও ১৩টি ছক্কায় ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান তোলে টাইটানস। এটি টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ- যার শীর্ষে রয়েছে ২০২২ সালে নাইটসের বিরুদ্ধেই তাদের গড়া ২৭১/৩ রান।
এছাড়া, পুরুষদের টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি বল (৭৯ বল) খেলার রেকর্ডে অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের পাশে যৌথভাবে নাম লিখিয়েছেন প্রিটোরিয়াস।
পূর্বে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ছিল ডেওয়াল্ড ব্রিভিসের (১৬২ রান), যা টপকে এবার নিজের নামে লিখিয়ে নিলেন প্রিটোরিয়াস। বর্তমানে টুর্নামেন্টটির ইতিহাসে শীর্ষ ৫টি সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডই টাইটানসের দখলে।
| খেলোয়াড় | রান | প্রতিপক্ষ / টুর্নামেন্ট | সাল |
| লুয়ান-ড্রে প্রিটোরিয়াস | ১৮৮* | নাইটসে (সিএসএ টি-টোয়েন্টি) | ২০২৬ |
| ক্রিস গেইল | ১৭৫* | পুনে ওয়ারিয়র্স (আইপিএল) | ২০১৩ |
| ডেওয়াল্ড ব্রিভিস | ১৬২ | নাইটসে (সিএসএ টি-টোয়েন্টি) | ২০২২ |
২০২৬-২৭ মৌসুমের প্রথম ম্যাচে নেমে ধ্বংসাত্মক পারফর্ম করলেন প্রিটোরিয়াস। সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে যথাক্রমে ৯৪ ও ১০১ রান করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ২২টি ম্যাচ খেললেও ৯১টি টি-টোয়েন্টিতে ১৫০.৪৪ স্ট্রাইক রেটে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন এই তরুণ সেনসেশন।




