শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রিমিয়ার লিগের রায়ের বিরুদ্ধে আপিল ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

প্রিমিয়ার লিগের রায়ের বিরুদ্ধে আপিল ম্যানসিটির

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মকানুন গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর স্বাধীন কমিশনের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করেছে ম্যানচেস্টার সিটি। আবু ধাবি-মালিকানাধীন ইংলিশ চ্যাম্পিয়ন ক্লাবটির বিরুদ্ধে ওঠা সবকটি আর্থিক কারচুপির প্রমাণ পাওয়ার খবর প্রকাশের পর আপিলের জন্য বেঁধে দেওয়া শেষ দিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই পদক্ষেপ নেয় তারা।

যদিও এখনো নির্দিষ্ট কোনো শাস্তির ঘোষণা দেওয়া হয়নি, তবে ১০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বিশাল অঙ্কের পয়েন্ট কর্তন, বড় অংকের জরিমানা কিংবা প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কার বা অবনমিত করার মতো চরম খেসারত দিতে হতে পারে।

অভিযোগ অস্বীকার করে শুক্রবার এক বিবৃতিতে ম্যান সিটি জানায়, "ক্লাবের দৃঢ় অবস্থান হলো, কমিশনের এই মতামতে আইন, নীতি ও তথ্যের সুস্পষ্ট মারাত্মক ভুল রয়েছে যা গ্রহণযোগ্য নয়। প্রিমিয়ার লিগের করা অভিযোগের বিপরীতে ক্লাব সম্পূর্ণ নির্দোষ এবং আমাদের অবস্থানের সমর্থনে খণ্ডন অযোগ্য যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।"

স্বাধীন কমিশনের তদন্তে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে- যে সময়ে সিটি তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল, স্পন্সরশিপের নামে প্রায় ৯০০ মিলিয়ন পাউন্ডের ($১.২ বিলিয়ন) বেশি অর্থ কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানো হয়েছিল। শেখ মনসুর বিন জায়েদ আল-নাহিয়ানের মালিকানাধীন প্রাইভেট ইনভেস্টমেন্ট কোম্পানি 'আবু ধাবি ইউনাইটেড গ্রুপ' ক্লাবটির আসল অর্থায়ন লুকিয়ে রাখার জন্য ভুয়া বা ছদ্মবেশী বাণিজ্যিক চুক্তি সাজিয়েছিল বলে কমিশন উল্লেখ করে।

ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই সিদ্ধান্ত ফুটবলের সততার ওপর এক বড় প্রভাব ফেলবে এবং তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ডাউনিং স্ট্রিট (ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে বলা হয়েছে, "প্রাথমিক রায়টি খুবই গুরুতর। কোনো ক্লাবের জন্যই এমন ভাবার সুযোগ নেই যে তারা আইনের ঊর্ধ্বে।"

অন্যান্য প্রতিযোগী ক্লাবগুলো ম্যান সিটির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করার প্রস্তুতি নিচ্ছে, আর পাশাপাশি খেতাব কেড়ে নেওয়ার জল্পনাও তৈরি হয়েছে। এদিকে সিটির প্রধান স্পন্সর ইউএই-ভিত্তিক বিমান সংস্থা ইত্তিহাদ এয়ারওয়েজ অনৈতিক চুক্তিতে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে প্রিমিয়ার লিগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, ইত্তিহাদ কখনোই কোনো অনুচিত বা অবৈধ বাণিজ্যিক প্রক্রিয়ায় অংশ নেয়নি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর