ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা ফুটবলের মহাতারকা লিওনেল মেসি স্পেনের দ্বিতীয় সারির ক্লাব 'সিডি এলদেন্স' এর মালিকানা আনুষ্ঠানিকভাবে স্বত্বাধিকারী হিসেবে গ্রহণ করেছেন। ক্লাব কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছে।
কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'গ্রুপো টিএইচ' এর কাছ থেকে অ্যালিকান্তে ভিত্তিক এই ক্লাবের মালিকানা কিনে নেন মেসি। ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "ফুটবলের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বের মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে আগমন সিডি এলদেন্সের ক্রীড়া, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা করল।"
মালিকানা হস্তান্তরের চুক্তিটি বর্তমানে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
৩৯ বছর বয়সী ফুটবল জাদুকরের স্পেনে কেনা এটি দ্বিতীয় ক্লাব, তবে পেশাদার ফুটবলে প্রথম। চলতি বছরের শুরুর দিকে তিনি বার্সেলোনা-ভিত্তিক পঞ্চম বিভাগের আধাপেশাদার দল কর্নেলার মালিকানা অর্জন করেছিলেন। এছাড়া উরুগুয়ের দল দেপোর্তিভো এলএসএম এ সতীর্থ লুইস সুয়ারেজের সাথে আংশিক অংশীদারত্ব রয়েছে তাঁর।
আপাতত এলদেন্স ও কর্নেলা দুটি ভিন্ন ধাপে (তিন বিভাগের ব্যবধানে) প্রতিযোগিতা করায় কোনো আইনি জটিলতা নেই। তবে ভবিষ্যতে কর্নেলা যদি ভালো পারফর্ম করে দ্বিতীয় বিভাগে উঠে আসে, তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী একই ব্যক্তির মালিকানায় দুটি দল একই বিভাগে খেলা নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত সিডি এলদেন্স ইতিহাসজুড়ে অধিকাংশ সময়ই স্প্যানিশ ফুটবলের নিম্ন সারির লীগে খেলেছে। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে তারা প্রথমবার দ্বিতীয় সারিতে ওঠে, ২০২৫ সালে অবনমিত হলেও চলতি গ্রীষ্মে আবারও দ্বিতীয় বিভাগে উঠে আসে।
তবে নতুন মৌসুমে চার ম্যাচের একটিতেও জয় না পাওয়ায় চলতি সপ্তাহের শুরুতে কোচ ক্লাউডিও বারাগানকে বরখাস্ত করে ক্লাবটি, ফলে বর্তমানে ক্লাবটির কোচের পদ ফাঁকা রয়েছে।




