আগামী ২০২৭ আইসিসি পুরুষ ওডিআই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ১৪ দলের এই বৈশ্বিক ক্রিকেট মহাযজ্ঞ শুরু হবে আগামী ২০২৭ সালের ২ অক্টোবর এবং দীর্ঘ লড়াই শেষে ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।
বিশ্বকাপের শক্তিশালী 'গ্রুপ বি'-তে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে আসা একটি দল।
বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ অক্টোবর, নামিবিয়ার উইন্ডহুকে ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের মাধ্যমে। পরবর্তীতে ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ডারবানে অবস্থান করে ১৬ ও ১৯ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর সোয়েটোতে কোয়ালিফায়ার 'বি' দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি:
৮ অক্টোবর: বাংলাদেশ বনাম ইংল্যান্ড (উইন্ডহুক)
১২ অক্টোবর: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (কুগোম্পো সিটি)
১৬ অক্টোবর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ডারবান)
১৯ অক্টোবর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (ডারবান)
২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার 'বি' (সোয়েটো)
টুর্নামেন্ট ফরম্যাট:
মোট ১৪টি দল অংশ নেবে দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপ থেকে সেরা ৩টি করে মোট ৬টি দল এবং দুই গ্রুপ মিলিয়ে চতুর্থ সেরা দলটি নিয়ে অনুষ্ঠিত হবে 'সুপার সেভেন' পর্ব। সুপার সেভেনে লড়াই শেষে শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। এরপর ১৭ ও ১৮ নভেম্বরের দুই সেমিফাইনাল বিজয়ী দল আগামী ২১ নভেম্বর ফাইনাল লড়াইয়ে বিশ্বসেরার ট্রফির জন্য মুখোমুখি হবে।




