বুধবার গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ৮ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ভারত। কিন্তু ৪০৫ রানের বিশাল পাহাড় টপকে সিরিজ নিশ্চিত করার পরও মাঠের ব্যাটিং-বান্ধব উইকেটের কঠোর সমালোচনা করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ব্যাট ও বলের মধ্যে লড়াইয়ের ভারসাম্য বজায় রাখার ওপর জোর দিয়ে এই রান উৎসবকে বোলারদের জন্য চরম অন্যায় বলে মন্তব্য করেছেন তিনি।
স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাত্কারে ৪৪ বছর বয়সী সাবেক এই ওপেনার বলেন, "ব্যাট ও বলের মাঝে অন্তত কিছুটা হলেও লড়াইয়ের সুযোগ থাকতে হবে। কারণ আমরা ক্রিকেটের কথা বলি- কিন্তু এটা ক্রিকেট নয়, এটা কেবলই ব্যাটিং।"
রেকর্ড বই ও দর্শকদের বিনোদনের পাশাপাশি বোলারদের মানসিক পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে গম্ভীর বলেন, "একজন তরুণ বোলারের কথা ভাবুন যে এই উইকেটে বোলিং করছে, যেখানে প্রতিপক্ষ ৪০০ রান তুলছে আর আমরাও ৪০০ রান তাড়া করছি। রেকর্ডের খাতায় বা সম্প্রচারকদের জন্য এবং স্টেডিয়ামের দর্শকদের জন্য এটি হয়তো অসাধারণ, কিন্তু একজন খাঁটি ক্রিকেটপ্রেমী ও কোচ হিসেবে বোলারদের ওপর আমার সমবেদনা রয়েছে।"
এমন ফ্ল্যাট উইকেটে শুধু বোলিং ফিগার বা ইকোনমি দেখে বোলারদের বিচার না করার আহ্বান জানান গম্ভীর, "যখন আপনি এই ধরণের উইকেটে বল করবেন, এটি বোলারদের প্রতি একেবারেই ন্যায্য আচরণ নয়। বোলারদের জন্য পিচে এমন কিছু রাখতে হবে যা তারা কাজে লাগাতে পারে। বোলারদের ওপর আমাদের কঠোর হওয়া উচিত নয়; কারণ অনেক সময় বোলিং ফিগার খারাপ দেখালেও তারা ততটা খারাপ বল করেনি।"
আধুনিক ওডিআই ক্রিকেটের কড়া ফিল্ডিং বাউন্ডারি, দুটি নতুন বল এবং ব্যাটারদের আক্রমণাত্মক কৌশলের মুখে ভারসাম্যপূর্ণ পিচের গুরুত্ব তুলে ধরেন কোচ।
এদিকে আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে দল গুছিয়ে নেওয়ার খুব বেশি সময় ভারতের হাতে নেই বলে জানান তিনি। আইপিএল ও অন্যান্য দ্বিপাক্ষিক সিরিজের চাপে পরীক্ষার সুযোগ সীমিত। এ প্রসঙ্গে গম্ভীর বলেন, "এখনই আমাদের নতুন বিকল্পগুলো পরখ করে নেওয়ার সঠিক সময়। যেমনটি আমরা আকিব নবীকে একটা সুযোগ দিয়েছি, একইভাবে জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত আমরা নতুনদের সুযোগ দিয়ে দেখব যে ৫০ ওভারের ফরম্যাটে তারা আমাদের কী দিতে পারে।"
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে ভারত বর্তমানে ২-ও ব্যবধানে এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে। আগামী শনিবার নিউ চণ্ডীগড়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।




