বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিদায়ী ম্যাচের দিনই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১১:০৬ এএম

শেয়ার করুন:

বিদায়ী ম্যাচের দিনই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি

ফুটবলের সবুজ ক্যানভাসে দুই দশক ধরে অগণিত মহাকাব্য লিখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পায়ের জাদুতে পুরো বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে একে একে এনে দিয়েছেন অধরা সব শিরোপা। সেই অবিস্মরণীয় সাফল্যগাথায় এবার যুক্ত হচ্ছে এক নতুন ও ব্যতিক্রমী পালক, যেখানে মাঠের রাজপুত্রের নামের পাশে যুক্ত হতে যাচ্ছে উচ্চশিক্ষার সম্মানসূচক খেতাব ‘ডক্টর’। আগামী ৬ অক্টোবর কেবল আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষবারের মতো মাঠে নামার আবেগময় দিন নয়; একই দিনে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মর্যাদাপূর্ণ এই সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা।

লাতিন আমেরিকার অন্যতম শীর্ষ ও আর্জেন্টিনার বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের (ইউবিএ) সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ ‘সুপিরিয়র কাউন্সিল’ সর্বসম্মতভাবে মেসিকে এই ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেবল আন্তর্জাতিক অঙ্গনে বল পায়ে বিশ্বজয়ের জন্যই নয়; বরং মেসির অসাধারণ দক্ষতা, অধ্যবসায়, অনন্য বিনয় এবং বিশ্বমঞ্চে নিজ দেশের প্রতিনিধিত্ব করার প্রতি তাঁর অবিচল অঙ্গীকারকে সম্মান জানাতেই এই উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের প্রধান রিকার্দো গেলপির মতে, মেসি আজ কেবল একজন ক্রীড়াবিদ নন; তিনি আর্জেন্টিনার সংস্কৃতি, জাতীয় গৌরব ও লোকগাঁথার এক অনন্য প্রতিচ্ছবি।

বুয়েনস আইরেসের বিখ্যাত ‘মনুমেন্টাল’ স্টেডিয়ামে আফ্রিকার দল বেনিনের বিপক্ষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নামবেন তিনি। ২০০৫ সালে লাল-সাদা-নীল পোশাকে যে মহাকাব্যিক যাত্রার সূচনা হয়েছিল, বিশ্বকাপ জয় আর কোপা আমেরিকার সোনালী ট্রফি উঁচিয়ে ধরার মাধ্যমে তা পূর্ণতা পেয়েছে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করা এই ১০ নম্বর জার্সির জাদুকর অবশেষে দেশের হয়ে নিজের শেষ আন্তর্জাতিক অধ্যায়ের টানবেন ইতি।

ক্রীড়াজগৎ পেরিয়ে একজন ব্যক্তিত্ব কীভাবে গোটা জাতির জাতীয় প্রেরণা ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারেন, মেসি তার জ্বলন্ত উদাহরণ। বহু চড়াই-উৎরাই পার করে দেশকে বিশ্বমঞ্চে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং অর্জনের চূড়ায় বসেও বিনয় বজায় রাখার যে শিক্ষা তিনি তরুণদের দিয়েছেন, তাকেই সবচেয়ে বড় যোগ্যতা হিসেবে দেখছে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়। শেষবারের মতো দেশের হয়ে মাঠে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে এই প্রাতিষ্ঠানিক সম্মাননা নিশ্চিতভাবেই মেসির বিদায়ী মুহূর্তটিকে ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন অধ্যায়ে পরিণত করবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর