একদিন আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ডে নতুন ইতিহাস যুক্ত হয়েছে। গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকদের চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ও শুবমান গিল। ৪০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচে ২৫৫ রানের অনবদ্য জুটি গড়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছেন ভারত অধিনায়ক রোহিত এবং গিল।
এই ইনিংসের মধ্য দিয়ে তাঁরা ভেঙে দিয়েছেন প্রায় ২৮ বছর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির গড়া ২৫২ রানের ঐতিহাসিক রেকর্ডটি।
তবে ওয়ানডেতে ভারতের হয়ে এখনো সর্বোচ্চ উদ্বোধনী জুটির চূড়ায় অক্ষত রয়েছেন শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি জুটি। ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার পার্লে কেনিয়ার বিপক্ষে এই দুজন যোগ করেছিলেন রেকর্ড ২৫৮ রান।
ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ ৪টি উদ্বোধনী জুটি:
১. ২৫৮ রান — শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি (বনাম কেনিয়া, পার্ল, ২০০১)
২. ২৫৫ রান — রোহিত শর্মা ও শুভমান গিল (গুয়াহাটি, ২০২৬)
৩. ২৫২ রান — শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি (বনাম শ্রীলঙ্কা, কলম্বো আরপিএস, ১৯৯৮)
৪. ২৩১ রান — শিখর ধাওয়ান ও অজিঙ্ক রাহানে (বনাম শ্রীলঙ্কা, কটক, ২০১৪)
কটকে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শিখর ধাওয়ান ও অজিঙ্ক রাহানের ২৩১ রানের মারকুটে জুটিটি ভারতের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উদ্বোধনী জুটি হিসেবে তালিকার শীর্ষ চারে অবস্থান করছে।
এদিকে ভারতের বিপক্ষে আজ আগে ব্যাটিং করে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গুর সেঞ্চুরিতে ৪০৫ রান করে ক্যারিবীয়রা। এদিকে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়ের লক্ষ্য নিয়ে ব্যাত করতে নেমে রোহিত ও গিল দুজনেই শুরু থেকেই খেলেন আক্রমণাত্মক ভঙ্গিতে। দুজনই পান সেঞ্চুরির দেখা।
২৬.২ ওভারে দলীয় ২৫৫ রানে রোহিত ১০১ রান করে আউট হলেও ১৭৩ রানে অপরাজিত আছেন গিল। তাঁর সঙ্গী হয়েছেন বিরাট কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০.৩ ওভারে ১১৭ বলে ভারতের প্রয়োজন ৯৭ রান।




