অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী মাসে ব্রিসবেনে তিন ম্যাচের ঐতিহাসিক এই ওয়ানডে সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। সফরকে সামনে রেখে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আকতারকে সহ-অধিনায়ক করে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।
অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে টাইগ্রেসরা। ৫ অক্টোবর ব্রিসবেনের বিখ্যাত অ্যালান বর্ডার ফিল্ডে প্রথম অনুশীলনে নামবে দলটি। এরপর ৭ ও ৮ অক্টোবর অনুশীলনে নামার আগে ৬ অক্টোবর কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে। আগামী ৯ অক্টোবর প্রথম ওডিআই অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর। প্রতিটি ম্যাচই স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে শুরু হবে। সিরিজ শেষে ১৫ অক্টোবর দেশে ফেরার উদ্দেশে অস্ট্রেলিয়া ত্যাগ করবে বাংলাদেশ দল।
কাজের চাপ (ওয়ার্কলোড) সামলাতে আসন্ন উইমেনস এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিরতি নিলেও জাতীয় দলের এই সফরে অন্তর্ভুক্ত হয়েছেন তরুণ গতি তারকা মারুফা আক্তার।
বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিব ইসলাম পিংকি।




