আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর টিকিট প্রত্যাশী ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের অফিসিয়াল টিকিট ব্যালট প্রক্রিয়া। কেপটাউনের 'জেইটস মিউজিয়াম অফ কনটেম্পোরারি আর্ট আফ্রিকা' তে আনুষ্ঠানিকভাবে আসরের চূড়ান্ত ম্যাচ সূচি প্রকাশের পাশাপাশি এই ব্যালট রেজিস্ট্রেশন উন্মুক্ত করা হবে।
দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে- এই তিন আফ্রিকান দেশের যৌথ আয়োজনে বসতে যাচ্ছে বিশ্বকাপের ১৪তম সংস্করণ। আগামী বছরের এই মেগা আসরের টিকিট যেন সাধারণ সমর্থকরা সমান ও স্বচ্ছভাবে পান, সে লক্ষ্যেই ব্যালট পদ্ধতির আয়োজন করেছে আইসিসি।
ব্যালট যেভাবে কাজ করবে:
বিনামূল্যে আবেদন: ব্যালটে অংশ নিতে কোনো ফি বা অর্থ প্রদান করতে হবে না।
সমতার নীতি: আবেদন প্রক্রিয়াটি 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে হবে না। ১ অক্টোবর থেকে ২১ নভেম্বর ২০২৬-এর মধ্যে জমা পড়া প্রতিটি বৈধ আবেদনকে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
টিকিটের সীমা: ক্রিকেটপ্রেমীরা যত খুশি ম্যাচে আবেদন করতে পারবেন। প্রতিটি ম্যাচকে আলাদা এন্ট্রি হিসেবে ধরা হবে এবং পছন্দের ক্যাটাগরি বেছে নিয়ে ম্যাচপ্রতি সর্বোচ্চ ৪টি টিকিটের অনুরোধ জানানো যাবে।
লটারি ও টিকিট ক্রয়: কোনো ম্যাচের টিকিটের চাহিদা ধারণক্ষমতার চেয়ে বেশি হলে লটারির (র্যান্ডমাইজড ব্যালট) মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। সফল আবেদনকারীদের পরবর্তীতে ইমেইলের মাধ্যমে জানানো হবে এবং টিকিট কেনার জন্য নির্দিষ্ট সময়সীমা (উইন্ডো) দেওয়া হবে।
যেসব ম্যাচে টিকিটের বাড়তি চাপ থাকবে না, সেসব ক্ষেত্রে নিবন্ধিত সমর্থকরা সরাসরি টিকিট কেনার সুযোগ পাবেন। ১৪টি দল, ১২টি ভেন্যু এবং মোট ৫৭টি ম্যাচের এই বৈশ্বিক আসরটি হতে যাচ্ছে আফ্রিকার ইতিহাসের সর্ববৃহৎ ক্রিকেট বিশ্বকাপ।




