সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

একজোড়া ‘ভুল’ জুতোয় স্বর্ণ হারালেন যিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

একজোড়া ‘ভুল’ জুতোয় স্বর্ণ হারালেন যিনি

জাপানের নাগোয়ায় চলমান এশিয়ান গেমসের নারীদের ম্যারাথন রেস ওয়াকিং ইভেন্টে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। কাজাখস্তানের ইয়াসমিনা তোক্সানবায়েভা দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে প্রথম হয়েও সোনা হারিয়েছেন। কারণ? তার পায়ের জুতো বিশ্ব অ্যাথলেটিকসের অনুমোদিত তালিকায় ছিল না।

রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ৪২.১৯৫ কিলোমিটার দূরত্ব ৩ ঘণ্টা ২২ মিনিট ২০ সেকেন্ডে শেষ করে ফিনিশ লাইন পার করেন ইয়াসমিনা। চীনের দানজেনকুচংকে প্রায় চার মিনিট পিছনে ফেলে তিনি সবার আগে পৌঁছান। স্বাভাবিকভাবেই স্বর্ণপদক তার গলায় ওঠার কথা ছিল। কিন্তু ফলাফল অস্থায়ী রাখা হয় এবং পরে আপত্তি ওঠে।

টেকনিক্যাল কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাথলেটদের শুধু বিশ্ব অ্যাথলেটিকস প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ও অনুমোদিত জুতো পরতে হয়। ইয়াসমিনার জুতো সেই তালিকায় ছিল না বলে বিষয়টি বিশ্ব অ্যাথলেটিকসের কাছে পাঠানো হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী তার ফলাফল বাতিল করা হয় এবং সোনা কেড়ে নেওয়া হয়। কর্মকর্তারা বলেন, অ্যাথলেটের কাছে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। তিনি জুরি বোর্ডে আপিল করার অধিকার রাখেন এবং ইতিমধ্যে আপিলও করেছেন।

এই সিদ্ধান্তের পর পদক তালিকায় পরিবর্তন আসে। চীনের দানজেনকুচং স্বর্ণপদক পান। তার স্বদেশি মা লি রৌপ্য এবং জাপানের ইউকিকো উমেনো ব্রোঞ্জ জেতেন।

পদক হারানোর হতাশায় ভেঙে না পড়ে ইয়াসমিনা লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, “আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। আমার সেই সব সুপার-হিরোদের ধন্যবাদ, যারা শেষ মুহূর্ত পর্যন্ত আমার পাশে থেকে লড়েছে।”

খেলাধুলায় ডোপিং, বয়স বা জাতীয়তা গোপন, সরঞ্জামে অবৈধ পরিবর্তন বা অশোভন আচরণের মতো কারণে পদক হারানোর নজির আগেও আছে। কিন্তু শুধু অনুমোদিত নয় এমন জুতোর জন্য সোনা হারানোর ঘটনা বেশ বিরল। বিশ্ব অ্যাথলেটিকসের নিয়ম অনুযায়ী জুতোর উচ্চতা ও মডেল নির্দিষ্ট তালিকায় থাকতে হয়। ইয়াসমিনার ক্ষেত্রে সেই নিয়ম লঙ্ঘিত হয়েছে বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর