রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি

অজিরা কি প্রোটিয়া সমর্থকদের তোপের মুখে থাকবেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

অজিরা কি প্রোটিয়া সমর্থকদের তোপের মুখে থাকবেন?

২০১৮ সালে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের সময় অন্যতম লজ্জাজনক এক ঘটনা ঘটিয়েছিলেন স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট এবং ডেভিড ওয়ার্নার। স্যান্ডপেপার দিয়ে ঘষে বল টেম্পারিংয়ের সেই ঘটনা বেশ আলোচিত। বিতর্কিত এই ঘটনার পর এবারই প্রথম টেস্ট খেলতে প্রোটিয়াদের দেশে যাচ্ছে অজিরা। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক দর্শকরা অজি দলকে কেমন অভ্যর্থনা জানাবে তা নিশ্চিত নন দক্ষিণ আফ্রিকান ব্যাটার এইডেন মারক্রাম। 

তবে তিনি আশা প্রকাশ করেছেন, দর্শকরা যেন মাঠের ভেতরে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করলেও প্রতিপক্ষ দলকে প্রাপ্য শ্রদ্ধাটুকু জানান। ডারবান, কেবেহা এবং কেপ টাউনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজটি ২০১৮ সালের কুখ্যাত "স্যান্ডপেপারগেট" কেলেঙ্কারির পর দক্ষিণ আফ্রিকার মাটিতে লাল বলের ক্রিকেটে দুই দলের প্রথম মুখোমুখি লড়াই।

২০১৮ সালে কেপ টাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত সেই বিতর্কিত টেস্টে অজি দল বল বিকৃতির চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল। ঘটনাটির জেরে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে পড়েন। প্রোটিয়ারা গত বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফি জিতেছিল, যা আসন্ন সিরিজটিতে বাড়তি উত্তেজনা যোগ করছে।

শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে মারক্রাম বলেন, "দর্শকদের প্রতিক্রিয়া ঠিক কেমন হবে তা বলা কঠিন। ২০১৮ সালের ঘটনা অনেক আগের হলেও অনেক সমর্থক হয়তো তা ভুলবেন না। আবার অনেকেই তা পেছনে ফেলে এগিয়ে গেছেন এবং বোঝেন যে বর্তমান অস্ট্রেলিয়া দল একেবারেই ভিন্ন। আমরা অসংবেদনশীল কোনো আচরণ সমর্থন করি না, তবে আশা করি সমর্থকরা মাঠের সেরা ক্রিকেট উপভোগ করতে গ্যালারি মাতিয়ে রাখবেন।"

মারক্রাম আরও উল্লেখ করেন যে টি-টোয়েন্টি লিগের বিস্তৃতির কারণে প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে এখন সুসম্পর্ক গড়ে উঠেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অজি অলরাউন্ডার মিচেল মার্শের সাথে কাটানো সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, "ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আমাদের কাছাকাছি এনেছে। তবে বাউন্ডারি লাইন পার হওয়ার পর বন্ধুত্বের কথা মনে থাকে না। তখন মূল লক্ষ্য থাকে নিজেদের দলের জন্য জয় ছিনিয়ে আনা।"

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জয় পেয়ে দক্ষিণ আফ্রিকা বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আজ রবিবার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। প্রোটিয়া ব্যাটার মারক্রাম মনে করেন, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে আয়োজিত হতে যাওয়া ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য দল গোছানোর দিক থেকে এই ওয়ানডে সিরিজটি উভয় দলের জন্যই বড় একটি পরীক্ষা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর