ইসরায়েলের বিপক্ষে ইউয়েফা নেশনস লিগের অত্যন্ত বিতর্কিত ম্যাচে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রিপাবলিক অব আয়ারল্যান্ডের গোলরক্ষক গ্যাভিন বাজুনু। সম্পূর্ণ ব্যক্তিগত ‘নীতি ও নৈতিক অবস্থান’ থেকে তিনি এই ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন।
বোল্টন ওয়ান্ডারার্সের এই তারকা স্কোয়াড থেকে সরে দাঁড়ালেও, দলের খেলোয়াড়দের চার ঘণ্টার দীর্ঘ জরুরি বৈঠক ও ভোটাভুটির পর সংখ্যাগরিষ্ঠের মতে ম্যাচটি খেলতে সম্মত হয়েছে আয়ারল্যান্ড দল।
রবিবার হাঙ্গেরির দেব্রেসেনের নাগিয়ারদাই স্টেডিয়ামে ইসরায়েলের "হোম" ম্যাচটি সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। মূলত শনিবার সকালে কোচ হেইমির হলগ্রিমসনকে বাজুনু নিজের সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানানোর পরেই আয়ারল্যান্ড শিবিরে চরম অচলবস্থা তৈরি হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে ২৫ বছর বয়সী বাজুনু বলেন, "দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবকিছু। তবে আমি মনে করি ইসরায়েলের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামা ভুল হবে। আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায়ের বিরুদ্ধে এবং নিরপরাধ মানুষ হত্যার প্রতিবাদে। এটি কোনো নির্দিষ্ট ধর্ম বা জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং এই অঞ্চলের সহিংসতার বিরুদ্ধে আমার অবস্থান। জীবনে খুব কম সময়ই বড় কোনো সত্যের পক্ষে দাঁড়ানোর সুযোগ আসে, আমি বিশ্বাস করি এটি তেমনই একটি মুহূর্ত।"
আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএআই) প্রধান নির্বাহী ডেভিড কুরেল সংবাদ সম্মেলনে জানান, বাজুনুর সিদ্ধান্তের পর পুরো দল দীর্ঘ চার ঘণ্টা আলোচনায় বসে। শেষ পর্যন্ত খেলোয়াড়দের গোপন ভোটে বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ ম্যাচটি খেলার পক্ষে রায় দেয়। তবে প্রতিবাদ হিসেবে ম্যাচে আইরিশ ফুটবলাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন এবং ম্যাচ শুরুর পূর্ব নির্ধারিত সৌজন্যতা যেমন হ্যান্ডশেক বা পেনি বিনিময় এড়িয়ে চলবেন। একই সাথে আন্তর্জাতিক উইন্ডোর বাকি সময় সংবাদমাধ্যমের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফুটবলাররা।
রোববার হাঙ্গেরিতে মুখোমুখি হওয়ার পর আগামী বৃহস্পতিবার ডাবলিনে অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে আয়ারল্যান্ড। পরবর্তীতে আগামী রবিবারে সার্বিয়ার বাচকা তোপোলায় নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশূন্য মাঠে ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের "হোম" ফিরতি ম্যাচে নামবে দলটি।




