রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রিমিয়ার লিগে ম্যানসিটি নিষিদ্ধ হলে হলান্ডের ভবিষ্যৎ কি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

প্রিমিয়ার লিগে ম্যানসিটি নিষিদ্ধ হলে হলান্ডের ভবিষ্যৎ কি?

দি অ্যাথলেটিকের ডেভিড ওরনস্টিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৪টি অভিযোগে ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত হয়েছে। এই খবরের পর পুরো ইউরোপীয় ফুটবল অঙ্গনে এক চরম বিশৃঙ্খলা ও অনিশ্চয়তার কালো মেঘ ছেয়ে গেছে। প্রিমিয়ার লিগ থেকে অবনমন কিংবা ইউরোপীয় প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার মতো মারাত্মক শাস্তির শঙ্কা দেখা দেওয়ায় এখন ইতিহাদ স্টেডিয়ামে থাকা বিশ্বসেরা ফুটবলারদের মধ্যে দল ছাড়ার তাগিদ তৈরি হতে পারে।

সম্ভাব্য কঠোর শাস্তির এই চোখরাঙানি ইতিমধ্যেই ক্লাবের ভেতরে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। গত মৌসুমের পর কোচ পেপ গার্দিওলার পদত্যাগ এবং গত গ্রীষ্মে মিডফিল্ডার রদ্রির এফসি বার্সেলোনায় পাড়ি জমানোর পেছনে এই আর্থিক কেলেঙ্কারির বড় হাত ছিল বলে গুঞ্জন রয়েছে। 

ফিল ফোডেন, মার্ক গুয়েনহি বা এলিয়ট অ্যান্ডারসনের মতো ইংলিশ ফুটবলাররা পরিস্থিতি সামলে ক্লাবে থেকে গেলেও, আর্লিং হলান্ডের মতো আন্তর্জাতিক সুপারস্টারের পক্ষে অবনমন বা নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে থাকা প্রায় অসম্ভব।

ক্যাপোলজির তথ্য অনুযায়ী, বেতন ও বোনাস মিলিয়ে হলান্ডের বার্ষিক চুক্তির আর্থিক অঙ্ক প্রায় ৫২.৮ মিলিয়ন ইউরো (৩২.৭ মিলিয়ন ইউরো বেতন এবং ২১.১ মিলিয়ন ইউরো বোনাস)। এতো বড় অংকের বেতন ও তার সাথে বিশাল ট্রান্সফার ফি বহন করার ক্ষমতা বিশ্বের খুব কম ক্লাবেরই রয়েছে। তবে এই বিশাল দৌড়ে নামতে পারে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), রিয়াল মাদ্রিদ এবং এফসি বার্সেলোনা। 

পিএসজির আর্থিক সামর্থ্য থাকলেও স্পেনে খেলার তীব্র ইচ্ছা হলান্ডকে বার্সেলোনা বা রিয়ালের দিকে ঠেলে দিতে পারে। রিয়াল মাদ্রিদ বিশাল গ্ল্যামার ও টাকা দিতে পারলেও, একজন খাঁটি স্ট্রাইকারের তীব্র সংকটে থাকা বার্সেলোনা এবং তাদের তরুণ তুর্কিদের প্রজেক্ট হলান্ডের জন্য সবচেয়ে মানানসই সমাধান হতে পারে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ হ্যারি কেইনের সাথে চুক্তি বাড়াতে চলায় তারা এই দৌড় থেকে প্রায় ছিটকে গেছে।

হলান্ড একা নন; ম্যানচেস্টার সিটির ওপর কঠোর শাস্তি নেমে আসলে এনজো ফার্নান্দেজ, জিয়ানলুইজি দোনারুমা, রুবেন দিয়াস, রায়ান চেরকি এবং জোসকো গাভার্দিওলের মতো একাধিক শীর্ষ ফুটবলার ক্লাব ছাড়ার পথ খুঁজতে পারেন। শুধুমাত্র হলান্ডের প্রস্থানই যেখানে ইউরোপের ফুটবলে বার্সেলোনাকে আবারও প্রধান পরাশক্তিতে রূপান্তর করতে পারে, সেখানে সিটির এই তারকাদের গণপ্রস্থান পুরো ইউরোপীয় ফুটবলের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দেবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর