শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফোন জব্দ, খেলতে দেওয়া হচ্ছে না —রিজওয়ানের ক্রিকেটে ফেরা হবে তো?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

ফোন জব্দ, খেলতে দেওয়া হচ্ছে না —রিজওয়ানের ক্রিকেটে ফেরা হবে তো?

পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের মুঠোফোন প্রায় এক মাস ধরে জব্দ অবস্থায় রয়েছে। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ঘরোয়া একটি টুর্নামেন্টেও খেলতে দিচ্ছে না। এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রিজওয়ান কি আর মাঠে ফিরবেন?

ইংল্যান্ড সফরে দলের ভরাডুবির পর পাকিস্তানের ক্রিকেটাররা বেশ চাপে আছেন। সেই ধারাবাহিকতায় ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) রিজওয়ানকে জিজ্ঞাসাবাদ করেছে। ধারণা করা হচ্ছে, ফিক্সিং সংক্রান্ত সন্দেহ রয়েছে তার বিরুদ্ধে। তবে এখনও কোনো বিষয় স্পষ্ট হয়নি।

৩০ আগস্ট লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার পর রাত প্রায় ১টার দিকে লন্ডনের হোটেল থেকে রিজওয়ানকে নিচে ডেকে পাঠান পিসিবির অ্যান্টি-করাপশন কর্মকর্তা কর্নেল আখতার। সঙ্গে নিজের মোবাইল আনতে বলা হয়। হোটেলের নিচে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির এক কর্মকর্তার সঙ্গে তার দেখা হয়। এরপর বাজি ও অনলাইন জুয়া নিয়ে নানা প্রশ্ন করা হয়। একপর্যায়ে তার মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয়।

রিজওয়ানের দাবি, ফোন নেওয়ার আগে তাকে কোনো লিখিত নোটিশ, অভিযোগ বা জব্দের অনুমতিপত্র দেখানো হয়নি। তাকে বলা হয়েছিল, ফোন পরীক্ষা করে তিন ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হবে। কিন্তু কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ফেরত পাননি তিনি। বর্তমানে ফোনটি তদন্ত কর্মকর্তাদের কাছে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষা চলছে। তিনি আরও জানিয়েছেন, তাকে কী অপরাধে সন্দেহ করা হচ্ছে, কোন ঘটনার তদন্ত চলছে বা কোন ক্ষমতাবলে ফোন নেওয়া হয়েছে; এসব কিছুই জানানো হয়নি। তদন্তে তার ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক তথ্যও চাওয়া হয়েছে।

আদালতে করা আবেদনে এসব কথা উল্লেখ করেছেন রিজওয়ান। আদালত স্পষ্ট করেছে, জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। পিসিবির সাবেক আইনপ্রধান তাফাজ্জুল রিজভি বলেছেন, বর্তমানে রিজওয়ানের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ বা স্বীকারোক্তি নেই। নোটিশের উদ্দেশ্য মূলত তথ্য সংগ্রহ করা। তবে পিসিবি অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে এখনও নীরব রয়েছে।

এদিকে রিজওয়ানকে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রথম শ্রেণির টুর্নামেন্টেও খেলতে দেওয়া হয়নি। ইংল্যান্ড সফর থেকে ফিরে আসা বেশির ভাগ ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। রিজওয়ানকে নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের সহ-অধিনায়ক করা হলেও মাঠে নামার অনুমতি পাননি তিনি। এই পরিস্থিতিতে রিজওয়ানের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ফোন ফেরত না পাওয়া এবং ঘরোয়া টুর্নামেন্টেও সুযোগ না পাওয়া উদ্বিগ্নের বিষয়! আগামী দিনে তদন্তের ফল কী হয়, সেদিকেই এখন সবার নজর।

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর