শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাজিল দল পুনর্গঠনে তরুণ ফুটবলারদের ওপরই আস্থা আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

ব্রাজিল দল পুনর্গঠনে তরুণ ফুটবলারদের ওপরই আস্থা আনচেলত্তির

অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের একদিন আগেই শুরুর একাদশ প্রকাশ করে চমক সৃষ্টি করেছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে শুক্রবারের লড়াইকে সামনে রেখে সংবাদ সম্মেলনে তরুণ ফুটবলারদের ওপর নিজেদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে; যার প্রথমটি শুক্রবার টাউনসভিলে এবং দ্বিতীয় ম্যাচটি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণার পর রসিকতা করে আনচেলত্তি বলেন, "আগামীকাল (আজ) হুগো সুজা, মাথিউজিনহো, মার্কুইনহোস, ভিক্টর রেইস, ডগলাস সান্তোস, দানিলো, ব্রুনো গিমারেস, এস্তেভাও, রাফিনহা, এন্ড্রিক এবং ভিনিসিউস খেলবে। তবে প্রতিদিন এমন আশা করবেন না!"

নতুন চক্রের অংশ হিসেবে উদীয়মান তরুণদের পর্যাপ্ত খেলার সুযোগ করে দেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছেন আনচেলত্তি। তিনি ব্যাখ্যা করেন, "এই ফিফা উইন্ডোটি আমাদের নতুন ও তরুণ খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নতুন কোনো প্রজেক্টের শুরু নয়, বরং আমরা আগের কাজকেই এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আরও উন্নতির চেষ্টা করছি। দলে বেশ কিছু মানসম্পন্ন তরুণ অ্যাথলেট রয়েছে।"

বিশেষ করে চেলসির ১৯ বছর বয়সী উইঙ্গার এস্তেভাওয়ের জাতীয় দলে ভূমিকার কথা গুরুত্বের সাথে তুলে ধরেন তিনি। ক্লাবে খেলার সময় কম পেলেও জাতীয় দলে তাঁর জায়গা সুনির্দিষ্ট উল্লেখ করে ব্রাজিল কোচ বলেন, "জাতীয় দলের জন্য এস্তেভাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। অন্য তরুণদের মতো সে-ও আমাদের ভাবনায় বড় জায়গা জুড়ে রয়েছে। ক্লাবে যদি সে পর্যাপ্ত খেলার সময় নাও পায়, তবুও আমি তাকে দলে ডাকব। কারণ আমরা বিশ্বাস করি সে ব্রাজিলের ভবিষ্যতের জন্য অপরিহার্য এবং আমরা তার বিকাশে সব ধরনের সহায়তা নিশ্চিত করব।"

অন্যদিকে ২০২৭ এশিয়ান কাপের সুদূরপ্রসারী প্রস্তুতি হিসেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টাউনসভিলের এই ম্যাচটি বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৪টায় শুরু হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর