নেশন্স লিগের প্রথম ম্যাচে অসলোতে ডেনমার্ককে ৩-২ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হারিয়ে শুভসূচনা করেছে নরওয়ে। জাতীয় দলের হয়ে আর্লিং হলান্ডের অপ্রতিরোধ্য গোলের ধারা অব্যাহত রেখে করা জোড়া গোলেই শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলে আধিপত্য বিস্তার করে নরওয়ে। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চমৎকার পাস ধরে কার্ভিং শটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন ফুলহ্যাম ফরোয়ার্ড অস্কার বব।
এর মাত্র চার মিনিট পর এন্টনি নুসার একক প্রচেষ্টায় বাড়ানো বল ধরে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন হলান্ড। তবে সহজে হার মানেনি ডেনমার্ক; ২৫ গজ দূর থেকে নিখুঁত ফ্রি-কিকে মিকেল ডামসগার্ড প্রথম গোল শোধ করার পর বিরতির পর চমৎকার হেডে ম্যাচ ২-২ সমতায় ফেরান রাসমুস হেইলুন্দ।
দলের কঠিন মুহূর্তে আবারও ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হন হলান্ড। ৭৪তম মিনিটে কর্নার থেকে পাওয়া বল প্রতিপক্ষের বক্সে ধরে জোরালো শটে ডেনিশ গোলরক্ষক ফিলিপ ইয়োরগেনসেনকে পরাস্ত করে নরওয়ের জয় নিশ্চিত করেন ২৪ বছর বয়সী এই ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। শেষ পর্যন্ত সমতায় ফিরতে ব্যর্থ হলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে ডেনমার্ক।
এই জোড়া গোলের মাধ্যমে নরওয়ের হয়ে ৫৬ ম্যাচে ৬৪ আন্তর্জাতিক গোলের নতুন মাইলফলক স্পর্শ করলেন হলান্ড। দেশের হয়ে নিজের শেষ ১৬টি প্রতিযোগিতামূলক ম্যাচের ১৫টিতেই গোল করে সংগ্রহ করেছেন ২৯টি গোল। একই সাথে নেশনস লিগের ইতিহাসেও নিজের শীর্ষ অবস্থান আরও শক্ত করেছেন হলান্ড; টুর্নামেন্টটিতে তাঁর মোট গোল সংখ্যা এখন ২১টি, যা ১৫টি করে গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো ও আলেকজান্ডার মিত্রোভিচের চেয়ে ছয়টি বেশি।




