প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-ওয়ানের তৃতীয় রাউন্ডের ম্যাচে ইতিহাস সৃষ্টি করেছেন পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) ব্যাটার মোহাম্মদ শেহজাদ। বৃহস্পতিবার মাত্র ৪৯ বলে শতক হাঁকিয়ে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির এক নতুন ইতিহাস গড়েছেন তিনি।
ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে কিংসমেন একাডেমির বিপক্ষে মাঠে নেমে তাণ্ডব চালান এই পিটিভি ব্যাটার। এর মাধ্যমে তিনি ভেঙে দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের দীর্ঘ ১২ বছরের পুরনো রেকর্ড। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করে এতদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন মিসবাহ। শেহজাদ নিজের ইনিংসে ১২টি চার ও ৮টি দর্শনীয় ছক্কার সাহায্যে সেই রেকর্ড নিজের নামে করে নেন।
পাকিস্তানি ব্যাটারদের দ্রুততম প্রথম শ্রেণীর সেঞ্চুরি:
মোহাম্মদ শেহজাদ (পিটিভি): ৪৯ বল (বনাম কিংসমেন একাডেমি, ২০২৬)
মিসবাহ-উল-হক (পাকিস্তান): ৫৬ বল (বনাম অস্ট্রেলিয়া, ২০১৪)
হাসান আলী (সেন্ট্রাল পাঞ্জাব): ৫৮ বল (বনাম খাইবার পাখতুনখাওয়া, ২০২১)
৪৯ বলে সেঞ্চুরি করার পরও নিজের আগ্রাসী মেজাজ ধরে রেখেছিলেন শেহজাদ। শেষ পর্যন্ত ৬২ বলে ১১৪ রানের এক টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তাঁর এই ইনিংসটি প্রথম শ্রেণীর ক্রিকেটের সামগ্রিক ইতিহাসে অষ্টম দ্রুততম সেঞ্চুরি হিসেবে স্থান করে নিয়েছে। এটি শেহজাদের প্রথম শ্রেণীর ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।
শেহজাদের এই কীর্তিময় দিনে প্রথম দিনের খেলা শেষে ৪৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে পিটিভি। দলের হয়ে মোহাম্মদ তাহা ৪৩, তৈমুর খান অপরাজিত ৩১ এবং আম্মাদ বাট অপরাজিত ৪ রানে ক্রিজে ছিলেন। এছাড়া শারুন সিরাজ ১৬ এবং ইয়াসির খান ১৩ রান করেন।




