বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রথমবারের মত সাইক্লিং বিশ্বকাপের আয়োজক ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

প্রথমবারের মত সাইক্লিং বিশ্বকাপের আয়োজক ভারত

আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়নের (ইউসিআই) সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩২ সালের রোড সাইক্লিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। মন্ট্রিয়ালে ইউসিআই কংগ্রেসের ভোটাভুটিতে ডাচ শহর গ্রোনিংগেনকে পেছনে ফেলে স্বাগতিক হিসেবে নাম লেখায় মহারাষ্ট্রের ব্যস্ততম শহর পুনে।

ভোটাভুটি শেষে ইন্টারন্যাশনাল সাইক্লিং ইউনিয়নের সভাপতি ডেভিড লাপার্টিয়েন্ট জানান, পুনে ও গ্রোনিংগেন দুটি শহরই অত্যন্ত শক্তিশালী ও মানসম্মত প্রস্তাব জমা দিয়েছিল। তাই উভয় আয়োজকের জন্যই উপযুক্ত সমাধান খুঁজে নিয়েছে সংস্থাটি। ২০৩২ আসর ভারতে আয়োজনের পাশাপাশি ২০৩৪ সালের টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে ডাচ শহর গ্রোনিংগেনকে।

মুম্বাই থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় ৭০ লাখ জনসংখ্যার পুনে শহরের জন্য এটি বড় এক অর্জন। ভারতে বড় কোনো বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রচেষ্টা হিসেবে একে দেখা হচ্ছে। 

দেশটি ইতিমধ্যে আহমেদাবাদে ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং ২০৩৬ অলিম্পিক গেমসের স্বাগতিক হওয়ার দৌড়েও নিজেদের অন্যতম দাবিদার হিসেবে প্রস্তুত করছে।

সাইক্লিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, দীর্ঘ কয়েক দশক ধরে এই টুর্নামেন্ট কেবল ইউরোপের দেশগুলোতেই সীমাবদ্ধ ছিল। ১৯৭৪ সালে মন্ট্রিয়ালে প্রথমবার উত্তর আমেরিকায় টুর্নামেন্টটি আয়োজন করা হয়। এরপর ১৯৯০ সালে জাপান প্রথম এশীয় দেশ হিসেবে বিশ্ব আসর আয়োজন করে। 

এশিয়ায় পরবর্তীতে ২০১৬ সালে দোহা আয়োজক হওয়ার গৌরব অর্জন করে এবং ২০২৮ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই আসর বসবে। গত বছর রুয়ান্ডা প্রথম আফ্রিকান দেশ হিসেবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতের নাম।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর