ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলার দৌড়ে ভালোভাবেই টিকে রয়েছে বাংলাদেশ। জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বিশ্বাস করেন, আত্মবিশ্বাস ও সঠিক ক্রিকেট খেলতে পারলে ফাইনালের মঞ্চে পৌঁছানোর সুযোগ রয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের।
ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি করতে ডব্লিউটিসির বাকি থাকা ৬টি টেস্ট থেকে বাংলাদেশের প্রয়োজন আরও ৪৭ পয়েন্ট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ৪টি টেস্টেই জয় এবং বাকি দুই ম্যাচের অন্তত একটিতে জয় পেলে ফাইনালে ওঠার পথ অনেকটাই মসৃণ হয়ে যাবে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের সাবেক তারকা লেগ-স্পিনার মুশতাক আহমেদ বলেন, "ইনশাআল্লাহ্, কেন নয়? আমরা এখন খুব ভালো অবস্থানে আছি। আমরা যদি ভালো ক্রিকেট খেলি এবং নিজেদের ওপর বিশ্বাস রাখি, তবে সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার পূর্ণ অধিকার আমাদের রয়েছে।"
আন্তর্জাতিক স্তরে জয়ের মূল চাবিকাঠি হিসেবে মনস্তাত্ত্বিক পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি যোগ করেন, "আন্তর্জাতিক পর্যায়ে জয়ের একমাত্র উপায় হলো হারের ভয় না থাকা। কোচ হিসেবে আমাদের এই মানসিকতাই বদলে দিতে হয়। খেলোয়াড়, নির্বাচক ও সংশ্লিষ্ট সবাই এখন একই ধারায় ভাবছেন এবং বিশ্বাস করছেন যে আমরা যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারি।"
ভবিষ্যৎ স্পিন কাঠামোর স্বার্থে মুশতাক বর্তমানে মিরপুরে এইচপি (হাই পারফরম্যান্স) এবং অনূর্ধ্ব-২৩ দলের তরুণ স্পিনারদের নিয়ে চার দিনের বিশেষ ক্যাম্প পরিচালনা করছেন। এই ক্যাম্পে তাঁর সাথে যোগ দিয়েছেন সাবেক জাতীয় স্পিনার আব্দুর রাজ্জাক ও নাবিল সামাদসহ কয়েকজন স্থানীয় কোচ। দেশীয় স্পিন কোচ গড়ে তোলার প্রতি জোর দিয়ে মুশতাক বলেন, "বাংলাদেশের স্পিন কাঠামোর মূল ভিত্তি খুব ভালো। প্রতি তিন মাস পর পর এই ধরণের ক্যাম্প নিয়মিত করা উচিত, যা তাদের পারফরম্যান্সে অনেক সুবিধা দেবে।"
স্পিন বোলিংয়ের কৌশলগত দিক তুলে ধরে তিনি আরও বলেন, "আমাদের দেশীয় কোচদেরও সাথে রাখা হয়েছে যেন তারা টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও অ্যালাইনমেন্টের কাজগুলো শিখতে পারেন। স্পিন ডিপার্টমেন্ট কেবল ভালো বল করার বিষয় নয়; কখন আক্রমণ করতে হবে, কখন রান আটকাতে হবে, কন্ডিশন অনুযায়ী ফিল্ডিং কীভাবে সাজাতে হবে কিংবা ব্যাটারের শক্তি বোঝার কৌশল জানা জরুরি। তাদের এটাই শেখাতে হবে যে কেবল একটি ভালো বলে নয়, বরং টানা ভালো ওভারই উইকেট এনে দেয়।"




