বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আপিলেও মিলল না স্বস্তি, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

আপিলেও মিলল না স্বস্তি, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি

ফ্রান্সের সর্বোচ্চ আদালতের এক সিদ্ধান্তে প্যারিস সেন্ট জার্মেইয়ের তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির আইনি লড়াইয়ের একটি বড় অধ্যায় শেষ হয়ে গেল। বুধবার ক্যাসেশন কোর্ট তার শেষ আপিল খারিজ করে দিয়েছে। ফলে তিন বছরেরও বেশি সময় ধরে চলা ধর্ষণ মামলায় এখন আনুষ্ঠানিক বিচারের মুখোমুখি হতে হচ্ছে এই মরক্কান ফুটবলারকে।

বাদীর আইনজীবী বার্ট্রান্ড পেরিয়ার জানিয়েছেন, আদালত মনে করেছে বিচার প্রক্রিয়া এড়ানোর মতো কোনো গুরুতর ভিত্তি নেই। এর ফলে ওটস-দ্য-সিন ডিপার্টমেন্টাল ক্রিমিনাল কোর্টে মামলাটি এগোবে। ফরাসি গণমাধ্যম এল’একুইপ ও লা মন্ডেসহ এএফপি সূত্রে এই তথ্য নিশ্চিত হয়েছে।

ঘটনাটির শুরু ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। তখন ২৪ বছর বয়সী এক তরুণী (পুলিশি রেকর্ডে ‘এমা’ নামে পরিচিত) অভিযোগ করেন যে, প্যারিসের কাছে বিলানকুরে হাকিমির বাড়িতে তাকে ধর্ষণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, জানুয়ারিতে ইনস্টাগ্রামে পরিচয় হয়। পরে হাকিমি গাড়ি পাঠিয়ে তাকে বাড়িতে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক স্পর্শ ও ধর্ষণের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। পরে তিনি সেখান থেকে বেরিয়ে এসে মার্চের শুরুতে থানায় অভিযোগ করেন।

শুরু থেকেই ২৭ বছর বয়সী হাকিমি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি বলছেন, ঘটনাটি সম্মতিমূলক ছিল। গত ফেব্রুয়ারিতে তদন্তকারী বিচারক পর্যাপ্ত প্রমাণ আছে বলে ট্রায়ালের নির্দেশ দেন। জুনে ভার্সাই আপিল আদালতও সেই সিদ্ধান্ত বহাল রাখে। এরপর ক্যাসেশন কোর্টে শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিচারের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি। ধারণা করা হচ্ছে, ২০২৭ সালের প্রথম দিকে শুরু হতে পারে। চূড়ান্ত রায় না আসা পর্যন্ত হাকিমি আইনগতভাবে নির্দোষ বলেই গণ্য হবেন। তার আইনজীবী ফ্যানি কলিন বলেছেন, অভিযোগের মূল বিষয়গুলো এখনও বিচারে পরীক্ষা হয়নি। সেখানেই প্রতিরক্ষার সব প্রমাণ উপস্থাপন করা হবে।

এদিকে মাঠেও সমস্যায় আছেন হাকিমি। ১৩ সেপ্টেম্বর ব্রেস্টের বিপক্ষে ম্যাচে ডান উরুর পেশিতে আঘাত পান তিনি। ফলে মার্সেইয়ের বিপক্ষে ডার্বি মিস করেছেন। মরক্কোর আফ্রিকা কাপ বাছাইপর্বের ম্যাচও খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আশা করা হচ্ছে, ১০ অক্টোবরের দিকে তিনি মাঠে ফিরতে পারেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর