বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্টেডিয়ামে মদ চালুর পক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম

শেয়ার করুন:

স্টেডিয়ামে মদ চালুর পক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী

চার দশকের পুরনো এক নিয়ম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইংল্যান্ডে। পুরুষদের ফুটবল ম্যাচে গ্যালারিতে বসে মদ পান করা যায় না। এই নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। অন্য খেলার দর্শকদের ক্ষেত্রে এমন কড়াকড়ি নেই বলে শুধু ফুটবল সমর্থকদের আলাদা করে নিয়ন্ত্রণ করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন তিনি।

১৯৮৫ সালে মার্গারেট থ্যাচারের সরকার ফুটবল মাঠে সহিংসতা কমাতে এই আইন চালু করেছিল। শীর্ষ স্তরের ক্লাব ম্যাচে মাঠ দেখা যায় এমন জায়গায় বসে মদ পান সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু রাগবি বা ক্রিকেটের গ্যালারিতে এমন কোনো বাধা নেই।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেতে নিউ ইয়র্কের পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ওই আইনটি এমন এক সময়ের, যখন ফুটবলের পরিবেশ একেবারে আলাদা ছিল। এখন এই বৈষম্য দূর করার সময় এসেছে। পরীক্ষামূলকভাবেও এটি করা যেতে পারে। ফুটবল ভক্তদের সঙ্গে এমন আলাদা আচরণ ন্যায়সংগত নয়।’

ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে এই আইন বদলানোর দাবি জানিয়ে আসছে। সংগঠনের চেয়ারম্যান টম গ্রেটরেক্স প্রধানমন্ত্রীর মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, রাগবি ম্যাচ বা কনসার্টে গ্যালারিতে পান করা গেলেও শুধু ফুটবল দেখার সময় সমর্থকদের অপরাধীর মতো দেখা একেবারেই ঠিক নয়। নারী সুপার লিগে পরীক্ষামূলকভাবে নিষেধাজ্ঞা শিথিল করার পর ক্লাবগুলোও এর পক্ষে অবস্থান নিয়েছে।

পুলিশ প্রশাসন তবে এতে আপত্তি জানিয়েছে। ইউকে ফুটবল পুলিশিং ইউনিটের এক মুখপাত্র বলেছেন, আইন বদলালে স্টেডিয়ামে শৃঙ্খলা ও নিরাপত্তায় বড় সমস্যা হতে পারে। ফুটবলে ছোট একদল দর্শকের মধ্যে সহিংস আচরণের প্রবণতা অন্য খেলার তুলনায় বেশি। পর্যাপ্ত প্রমাণ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ছাড়া এমন পরিবর্তন দায়িত্বজ্ঞানহীন হবে বলে মনে করে পুলিশ।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, এটি এখনই কোনো নীতির ঘোষণা নয়। তবে ভবিষ্যতে পাইলট স্কিমের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। চার দশক পর ইংলিশ ফুটবলের গ্যালারিতে আবার পিন্ট হাতে দলকে সমর্থন করার স্বাধীনতা ফিরবে কি না, সেটাই এখন দেখার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর