আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নাম লিওনেল মেসি শিগগিরই জাতীয় দলের জার্সি গুটিয়ে ফেলতে চলেছেন। সেই বিশেষ মুহূর্তকে সামনে রেখে আর্জেন্টিনা ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে দল।
সবচেয়ে আলোচিত হচ্ছে শেষ ম্যাচটি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর আর্জেন্টিনার হয়ে এটিই মেসির শেষ খেলা হতে যাচ্ছে। তাই পুরো ফুটবল বিশ্বের নজর এখন সেই ম্যাচের দিকে।
তবে প্রস্তুতির শুরুতেই দুই খেলোয়াড়কে স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছে কোচ লিওনেল স্কালোনিকে। রিভার প্লেটের মিডফিল্ডার থিয়াগো আলমাদা উরাকানের বিপক্ষে ম্যাচে মাত্র পাঁচ মিনিট খেলেই আঘাত পেয়ে মাঠ ছাড়েন। পরীক্ষায় তার উরুর পেশিতে গ্রেড-১ চিড় ধরা পড়েছে। অন্যদিকে, ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়েথ পেশির অস্বস্তি থেকে পুরোপুরি সেরে ওঠেননি। লা লিগায় সাম্প্রতিক ম্যাচগুলোতেও তিনি খেলতে পারেননি। ফলে তাকেও বাদ দেওয়া হয়েছে।
আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, চোটের কারণে এই দুই ফুটবলার আসন্ন তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারবেন না। তাদের জায়গায় এখনো নতুন কাউকে ডাকা হয়নি। কয়েকদিন আগেই অবশ্য প্রাথমিক স্কোয়াডে একি ফার্নান্দেস, সান্তিয়াগো সিমোন ও ভ্যালেন্তিন গোমেসকে যোগ করা হয়েছিল।
এদিকে স্কোয়াড থেকে বাদ পড়লেও ফয়েথ ও আলমাদা বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকবেন। কারণ ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে সেই বিশেষ দিনে একসঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমনকি রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো এবং নিকোলাস ওতামেন্দিকে শুধু এই একটি ম্যাচের জন্যই স্কোয়াডে ডাকা হয়েছে।




