বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা রুটের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা রুটের

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের ছোট ভাই ও গ্ল্যামারগনের দীর্ঘদিনের নির্ভরযোগ্য ব্যাটার বিলি রুট ৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি কাউন্টি মৌসুম শেষে গ্ল্যামারগনের দুই অভিজ্ঞ সতীর্থ ক্রিস কুক ও কলিন ইনগ্রামের পাশাপাশি মাঠের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ী বার্তায় ১৪ বছরের খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে বিলি রুট লেখেন, "দুটি দুর্দান্ত ক্লাবের প্রতিনিধিত্ব করা এবং চারটি ট্রফি জয়ের অংশ হতে পারাটা ছিল পরম সৌভাগ্যের। শৈশব থেকে ভালোবেসে আসা খেলাটিকে পেশা হিসেবে বেছে নিতে পেরে নিজেকে সত্যি ভাগ্যবান মনে করি। এই দীর্ঘ যাত্রায় অনেক চড়াই-উতরাই ছিল, তবে এর কোনো কিছুই আমি বদলাতে চাই না।"

লিডস বেকেট ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষে নটিংহামশায়ারের হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় বিলের। ২০১৭ সালে নটিংহামশায়ারের জোড়া সীমিত ওভারের শিরোপাজয়ী স্কোয়াডের অংশ ছিলেন তিনি। এরপর ২০১৯ সালে গ্ল্যামারগনে যোগ দিয়ে ক্লাবটির অনবদ্য এক শক্তিতে পরিণত হন। গ্ল্যামারগনের হয়ে ২০২১ ও ২০২৪ সালের মেট্রো ব্যাংক ওয়ানডে কাপ ট্রফি জয় এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে উন্নীত হওয়ার পেছনে তাঁর অবদান ছিল লক্ষণীয়।

শৈশবে শেফিল্ড কলেজিয়েট সিসিসিতে বড় ভাই জো রুটের সাথেই ক্রিকেট শেখা বিলির। ২০১৩ সালের লর্ডস টেস্টে ইংল্যান্ডের দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করার সময় দুই ভাই কিছুক্ষণের জন্য এক সাথে আন্তর্জাতিক টেস্টের মঞ্চ ভাগাভাগি করেছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর