নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসকে কেবল ক্যালেন্ডারের আর দশটি টুর্নামেন্টের মতো করে দেখছে না বাংলাদেশ। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস স্পষ্ট করে জানিয়েছেন, তাঁদের নজর সরাসরি ফাইনালে এবং জাপানের মাটিতে সোনার পদক জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।
বুধবার জাপানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন জানান, দীর্ঘ বিরতির পর দুটি প্রস্তুতি ম্যাচ দলের পারফরম্যান্স ও নিজেদের মধ্যে বোঝাপড়া দৃঢ় করতে দারুণ সাহায্য করেছে। জিম্বাবুয়ে সিরিজের পর টি-টোয়েন্টি ক্রিকেটে বিরতি থাকায় এই প্রস্তুতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
ক্যারিয়ারে প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছেন লিটন দাস। বহু-ক্রীড়া প্রতিযোগিতার এই মেগা ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাকে বিশেষ এক সম্মান হিসেবে দেখছেন এই ডানহাতি ব্যাটার। তিনি বলেন, "অবশ্যই প্রধান লক্ষ্য ফাইনালে খেলা এবং ভালো কিছু করা। এটি আমার প্রথম এশিয়ান গেমস। জাতীয় দলের হয়ে এমন একটি বড় প্ল্যাটফর্মে প্রতিদ্বন্দ্বিতা করা সত্যিই বিশেষ কিছু।"
তিনি আরও বলেন, "জাতীয় দলের হয়ে খেলাটাই বড় জিনিস, সঙ্গে এ রকম জায়গায় খেলা এটাও একটা বড় জিনিস। সব সময় (অন্য টুর্নামেন্টে) জিতলে আপনি ট্রফি জিতবেন, কিন্তু এখানে সোনা জেতার বিষয় থাকে। এটা একটা বড় স্বপ্ন, আমার মনে হয় সব ক্রিকেটার রোমাঞ্চিত।"
দ্বিপাক্ষিক সিরিজ বা ফ্র্যাঞ্চাইজি লিগের মতো এশিয়ান গেমস প্রতি বছর না আসায় দলের খেলোয়াড়দের মধ্যে বাড়তি রোমাঞ্চ কাজ করছে বলে জানান লিটন। তিনি যোগ করেন, "আমাদের সবচেয়ে বড় স্বপ্ন হলো সোনা জেতা এবং আমরা সবাই মিলে সেই স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করব।"
ভবিষ্যতে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে লিটন বলেন, "অলিম্পিকে কে না খেলতে চায়? কিন্তু তার আগে আমাদের এই টুর্নামেন্টে ভালো করতে হবে। আপাতত আমরা ম্যাচ বাই ম্যাচ এগোব, যেমনটা সব সময় ক্রিকেটে বলা হয়ে থাকে।" সম্পূর্ণ মনোযোগ দিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই ইতিবাচক সূচনা করতে চায় লিটনের দল।




