বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ৪ বছরের ট্যুর সূচি আগেই চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ৪ বছরের ট্যুর সূচি আগেই চূড়ান্ত

আন্তর্জাতিক ক্রিকেটের অতি পরিচিত দৃশ্যপট আর নতুন রোমাঞ্চের এক অপূর্ব মেলবন্ধন দেখতে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন। একদিকে যেমন থাকবে শতবর্ষের ঐতিহ্যবাহী অ্যাশেজ দ্বৈরথ, অন্যদিকে থাকছে অলিম্পিকের বিশ্বমঞ্চে ব্যাট-বলের লড়াই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) এখনো চূড়ান্ত রূপ পায়নি। তবে পর্দার আড়ালে ক্রিকেটের প্রভাবশালী তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজগুলোর রূপরেখা অনেকটাই তৈরি হয়ে গেছে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে ২০২৭ থেকে ২০৩১ চক্রে আন্তর্জাতিক ক্রিকেটের এই নতুন সমীকরণ।

চিরচেনা সূচি মেনেই মাঠে গড়াবে মাঠের লড়াই। খসড়া পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালে ইংলিশ কন্ডিশনে বসবে ঐতিহ্যবাহী অ্যাশেজ আসর। এর দুই বছর পর, অর্থাৎ ২০২৯-৩০ মৌসুমে ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া আতিথ্য দেবে ইংল্যান্ডকে। আর ২০৩১ সালে ফের ইংল্যান্ডের মাঠে ফিরবে জনপ্রিয় এই টেস্ট সিরিজ। অন্যদিকে, টেস্ট ক্রিকেটের আরেক বড় আকর্ষণ ভারত-ইংল্যান্ড সিরিজের সূচিও নির্ধারণ করা হয়েছে। ২০২৮ সালের শুরুর দিকে একটি হাই-ভোল্টেজ টেস্ট সিরিজ খেলতে ভারতে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। এরপরের বছরই (২০২৯ সালে) ফিরতি সফরে ভারতকে আতিথ্য দেওয়ার কথা রয়েছে ইংলিশদের।

আগামী ২০২৭-৩১ চক্রে বিশ্ব ক্রিকেটের জন্য সবচেয়ে বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। দীর্ঘ ১২৮ বছর পর (১৯০০ সালের প্যারিস অলিম্পিকের পর) বিশ্বক্রীড়ার সবচেয়ে বড় এই মঞ্চে আবার ফিরছে ক্রিকেট। তবে জুলাইয়ে প্রস্তাবিত সপ্তাহব্যাপী এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি নিয়ে তৈরি হয়েছে নতুন চিন্তার ভাজ। কারণ, এই সময়টি পড়ে ইংলিশ গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুমের ঠিক মাঝখানে। অলিম্পিক আসরের দরুন ঐ সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারিত ইংল্যান্ডের ঘরের মাঠের টেস্ট সিরিজটি নিয়ে সূচি-সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর জন্য সূচি তৈরিতে ‘বিগ থ্রি’ বা ভারতের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার সুযোগ বের করাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের রেষ কাটতে না কাটতেই ঘরের মাঠে ভারতকে আতিথ্য দিতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

রাজনৈতিক অচলাবস্থার কারণে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার দরজা বন্ধ থাকায় বিকল্প পথ বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের সংখ্যা বাড়াতে মরিয়া তারা। ইতিমধ্যেই আগামী গ্রীষ্মে ইংলিশদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে পিসিবি। যদিও শুরুতে পরিকল্পনা ছিল পাকিস্তান যদি ২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে পৌঁছায়, তবে একটি বিশেষ টেস্ট খেলা হবে। কিন্তু সেই দৌড় থেকে পাকিস্তান ছিটকে পড়ায় তা ওয়ানডে সিরিজেই রূপ নিয়েছে। এছাড়া ২০২৭-২৮ মৌসুমে অজিদের দেশে গিয়ে তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাবর-রিজওয়ানদের।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর