মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৪০ বছর পর জিন্নাতের হাত ধরে এশিয়ান গেমসে বাংলাদেশের পদক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

৪০ বছর পর জিন্নাতের হাত ধরে এশিয়ান গেমসে বাংলাদেশের পদক

আইচির মার্শাল আর্টস হলে যখন ইন্দোনেশিয়ান প্রতিপক্ষ অতিরিক্ত ওজনের কারণে মাঠে নামতে পারলেন না, তখনই বাংলাদেশের উশু তারকা জিন্নাত আক্তার বুঝে গেলেন; এবার আর ফাঁকি নেই। সেমিফাইনালে উঠে তিনি নিশ্চিত করে দিলেন, দীর্ঘ চার দশক পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের নাম আবার পদক তালিকায় উঠবে।

১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতলেও তার পর থেকে ব্যক্তিগত কোনো ইভেন্টে আর পদক আসেনি বাংলাদেশের। সেই শূন্যতা ভরাট করতে যাচ্ছেন জিন্নাত। উশুর ৫২ কেজি ফাইট ইভেন্টে তিনি প্রথমে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। সেখানে থারিসা ডি ফ্লোরেন্টিনা অতিরিক্ত ওজনের কারণে বাদ পড়ায় সরাসরি সেমিতে জায়গা নিশ্চিত হয় তার।

এই ওজন শ্রেণিতে ১৬ জন প্রতিযোগী থাকায় সেমিফাইনালে উঠা চারজনই পদক পাবেন, এটাই গেমসের নিয়ম। তাই জিন্নাত এখন অন্তত ব্রোঞ্জ নিশ্চিত। সেমিতে জিতলে স্বর্ণের লড়াইয়ে নামবেন তিনি। বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু বিষয়টি নিশ্চিত করে জানান, “সেমি-ফাইনালে জিতলে স্বর্ণের ফাইনাল, হারলেও ব্রোঞ্জ নিশ্চিত।”

খবর পেয়ে জিন্নাত নিজেই বলেন, “অনেক খুশি। দেশের জন্য কিছু করতে পেরেছি। সবার দোয়া চাই। বাংলাদেশের উশুকে আরও এগিয়ে নিতে চাই।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর