মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফিলিস্তিনের পক্ষে আয়ারল্যান্ড কোচ; ইসরায়েল বলছে, ‘ভণ্ডামি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিনের পক্ষে আয়ারল্যান্ড কোচ; ইসরায়েল বলছে, ‘ভণ্ডামি’

উয়েফা নেশনস লিগে ইসরায়েলের মুখোমুখি হওয়ার আগে আয়ারল্যান্ড ফুটবল দলের হেড কোচ হেইমির হলগ্রিমসনের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। হলগ্রিমসনকে "অজ্ঞতা, ভণ্ডামি ও মূর্খতার প্রতীক" বলে অভিহিত করেছে সংস্থাটি। উয়েফা নেশনস লিগে ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। 

দল ঘোষণার সময় নেশনস লিগের এই দুই বিতর্কিত ম্যাচ নিয়ে এক প্রশ্নের জবাবে হলগ্রিমসন বলেছিলেন, "আমরা গণহত্যাকারীদের সাথে খেলছি না, আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি। আমরা ইসরায়েলের বিরুদ্ধে খেলছি, তাদের সঙ্গী হয়ে নয়।" তাঁর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আয়ারল্যান্ড কোচকে তীব্র আক্রমণ করে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন লেখে, "দুর্ভাগ্যবশত, আইরিশ কোচের প্রদর্শিত অজ্ঞতা ও ভণ্ডামির কোনো চিকিৎসা আমরা এখনো খুঁজে পাইনি।"

কোচের এই বক্তব্যের পাশাপাশি আয়ারল্যান্ড জুড়েই ম্যাচ দুটি বয়কটের দাবি জোরালো হচ্ছে। সোমবারেও আইরিশ দলের হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। 'আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন' গ্রুপের উদ্যোগে ১৬০ জনেরও বেশি আইরিশ অ্যাথলেট ম্যাচ বয়কটের আহ্বান জানিয়ে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অলিম্পিয়ান সিয়ারা ম্যাগিয়ান, সাবেক আইরিশ ফুটবলার লুইস কুইন এবং সাবেক রুবি তারকা টনি ওয়ার্ড।

চিঠিতে বলা হয়, "আইরিশ জার্সির একটি আলাদা মর্যাদা রয়েছে। যে আয়ারল্যান্ড উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের ইতিহাস বয়ে বেড়ায়, মাঠের খেলায় সেই আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব থাকা উচিত। ম্যাচ না খেলাটাই হবে সবচেয়ে বড় খেলোয়াড়ি সুলভ আচরণ।"

খেলোয়াড়দের চরম অস্বস্তি সত্ত্বেও ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড ম্যাচ দুটি খেলার সিদ্ধান্ত বহাল রেখেছে। গত জুলাইয়ে এফএআই-এর জেনারেল অ্যাসেম্বলিতে ৭৫-৩২ ভোটে ম্যাচ চালিয় যাওয়ার প্রস্তাব পাস হয়। বয়কট করলে ১০.৩ মিলিয়ন ইউরোর বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি উয়েফা কর্তৃক দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে আয়ারল্যান্ডের ফুটবল অভিভাবক সংস্থাটি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর