সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ধোনিদের কোচ হলেন জহির খান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

ধোনিদের কোচ হলেন জহির খান

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এবার বড় পরিবর্তনের পথে হাঁটছে। দীর্ঘদিন ধরে দলের হাল ধরে রাখা স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর প্রধান কোচের দায়িত্ব পেলেন ভারতের সাবেক তারকা পেসার জহির খান। আগামী আইপিএল ২০২৭ মৌসুম থেকেই তিনি চেপকের মাঠে দলকে নেতৃত্ব দেবেন।

প্রায় দুই দশক ধরে চেন্নাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন ফ্লেমিং। ২০০৮ সালে খেলোয়াড় হিসেবে যোগ দিয়ে পরের বছর থেকে প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। তার হাত ধরেই সিএসকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়। এছাড়া দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপাও এসেছে। রেকর্ড ১২ বার প্লে-অফ আর ১০ বার ফাইনালে ওঠার মতো সাফল্যের গল্প লিখেছেন তিনি। কিন্তু গত দুই মৌসুমে (২০২৫ ও ২০২৬) দল পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করেছে। নেতৃত্ব ও দল গঠনের নতুন চ্যালেঞ্জ সামনে রেখেই এবার পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো।

নতুন দায়িত্ব পেয়ে জহির খান বলেন, “আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দলগুলোর একটিতে যোগ দিতে পারা আমার জন্য বড় সম্মান। খেলোয়াড় হিসেবে চেন্নাইয়ের বিপক্ষে অনেকবার লড়াই করেছি, সেই ম্যাচগুলো এখনও মনে আছে। চেপকের দর্শকদের তৈরি করা পরিবেশ সবসময় আলাদা। এত বড় ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই উত্তেজিত।”

সিএসকের মালিক রূপা গুরুনাথও নতুন কোচকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “জহির খানকে প্রধান কোচ হিসেবে পেয়ে আমরা খুশি। তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার আর তরুণ খেলোয়াড় গড়ে তোলার অভিজ্ঞতা আমাদের দলের জন্য অনেক কাজে লাগবে। তার নেতৃত্বে দলের মূল কাঠামো আরও মজবুত হবে বলে আমরা বিশ্বাস করি।”

জহির খান ভারতের হয়ে ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ৯২টি টেস্ট, ২০০টি ওয়ানডে আর ১৭টি টি-টোয়েন্টিতে অংশ নিয়েছেন। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আইপিএলে ১০০ ম্যাচ খেলার পর কোচিংয়ে মনোযোগ দেন। ২০২৫ আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর ও বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। তার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেট পরিচালক এবং গ্লোবাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর