সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত আরেক আর্জেন্টাইন ফুটবলারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত আরেক আর্জেন্টাইন ফুটবলারের

আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে সেই ম্যাচটি নিয়ে গোটা ফুটবল বিশ্ব যেন থমকে আছে। কিন্তু শুধু মেসিই নন, জাতীয় দলের ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোও ইঙ্গিত দিয়েছেন, হয়তো এই ম্যাচই হতে পারে তার জাতীয় দলের শেষ অধ্যায়।

সোমবার স্থানীয় সময় সকালে বুয়েনস আইরেসের এজেইজা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন ৩৪ বছর বয়সী এই ফুলব্যাক। নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, “ক্যারিয়ারের শেষ ভাগে পৌঁছে গেছি। তাই যতটুকু সম্ভব প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। কখন শেষ সময় এসে যাবে, কেউ জানে না।”

মেসির বিদায় নিয়ে কথা বলতে গিয়ে তাগলিয়াফিকোর কণ্ঠে আবেগ ঝরে পড়ে। তিনি বলেন, “এ ধরনের বিদায় সবসময়ই কঠিন। কিন্তু বাস্তবতাকে মেনে নিতেই হবে। আজ হোক বা কাল, এই দিন আসতই। ম্যারাডোনার বিদায়ের পর যেমন আর্জেন্টিনা ফুটবল আবার ঘুরে দাঁড়িয়েছিল, মেসির পরও আমাদের শক্তিশালী থাকতে হবে।”

তিনি আরও যোগ করেন, “বিশ্বের সেরা খেলোয়াড়কে টানা দুই দশক দলে পেয়েছি। এখন সামনে কী আসছে, তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। দল হিসেবে প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে। বিষয়টা মেনে নেওয়া সহজ নয়, কিন্তু আমাদের সামনে এগোতেই হবে।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর