ফুটবলের সবুজ গালিচায় পায়ের জাদুতে তিনি যেমন লাখো হৃদয় জয় করেছেন, তেমনি মাঠের বাইরেও নিঃশব্দে আশা ফুটিয়ে যাচ্ছেন একের পর এক শিশুমুখে। শুধু গোল করা বা ট্রফি তোলাই যে তাঁর মূল পরিচয় নয়, তা আরও একবার প্রমাণ করলেন লিওনেল মেসি। বার্সেলোনার ক্যানসার আক্রান্ত ছোট্ট শিশুদের সুচিকিৎসার ব্যবস্থা করতে এবার নতুন করে বাড়ালেন সহায়তার হাত।
ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মারকাতো’র বরাতে জানা গেছে, ইন্টার মিয়ামির এই আর্জেন্টাইন তারকা তাঁর দাতব্য সংস্থা ‘মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে স্পেনের বার্সেলোনায় অবস্থিত ‘সান্ত জোয়ান দে দেউ’ হাসপাতালের শিশু ক্যানসার সেন্টারের উন্নয়নে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকা। নির্মাণাধীন এই বিশ্বমানের হাসপাতাল কমপ্লেক্সটি শিশুদের ক্যানসার নিরাময়ে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।
নতুন এই স্বাস্থ্যকেন্দ্রে যেন প্রতি বছর অন্তত ৪০০ শিশু ক্যানসার রোগী উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পেতে পারে, সেই পরিকল্পনা নিয়েই কাজ এগিয়ে চলেছে। চিকিৎসকদের মতে, একই ছাদের নিচে শিশু ক্যানসারের সব ধরনের পরীক্ষা, আধুনিক থেরাপি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করাই এই বৃহৎ প্রকল্পের মূল উদ্দেশ্য।
খেলাধুলার পাশাপাশি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মেসির এমন অবদান অবশ্য নতুন নয়। জাতিসংঘের বিশ্ব শিশু তহবিল (ইউনিসেফ)-এর শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরেই তিনি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করছেন। এর আগেও তাঁর ফাউন্ডেশনের অর্থায়নে শিশুদের লিউকেমিয়া গবেষণায় গুরুত্বপূর্ণ কাজ হয়েছে।
এছাড়া নিজ শহর আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা এবং আফ্রিকার দেশ মোজাম্বিকে শিশুদের অপুষ্টি দূরীকরণের প্রকল্পে সরাসরি আর্থিক সহায়তা দিয়েছিলেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।




