সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাজিল অভিশাপে ভয় বার্সেলোনার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

ব্রাজিল অভিশাপে ভয় বার্সেলোনার!

মাঠে নামলেই এখন যেন জালের দেখা পাচ্ছেন। উইঙ্গার থেকে পুরোদস্তুর 'নাম্বার নাইন' বা স্ট্রাইকার বনে গেছেন তিনি। কোচ হ্যান্সি ফ্লিকের জাদুকরী ছোঁয়ায় রবের্তো লেভানডভস্কি আর ফেরান তোরেসদের অভাবটা রীতিমতো ভুলিয়ে দিয়েছেন। কথা হচ্ছে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াকে নিয়ে। চলতি মৌসুমে নিজের ক্যারিয়ারের সেরা ছন্দে থাকা এই ফরোয়ার্ড এখন বার্সার আক্রমণের প্রধান অস্ত্র।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচের মাত্র ৬২৬ মিনিটেই তাঁর পা থেকে এসেছে ১৪টি গোল! লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১২ গোল নিয়ে তিনি আছেন সবার ওপরে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও ফেইনুর্ডের বিপক্ষে দলের ৫-১ গোলের জয়ে করেছেন জোড়া গোল। স্পিড, নিখুঁত ফিনিশিং আর অদম্য ইচ্ছাশক্তির মিশেলে ফ্লিকের ছকে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে রাফিনিয়া যেন পরিণত হয়েছেন এক অপ্রতিরোধ্য গোলমেশিনে।

তবে এই স্বপ্নের মতো ফর্মের মাঝেই বার্সেলোনা শিবিরে উঁকি দিচ্ছে দুশ্চিন্তার কালো মেঘ। সামনেই আন্তর্জাতিক বিরতি, আর এই বিরতিই এখন বার্সার জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি রাফিনিয়ার জন্য যে সূচি তৈরি করেছেন, তা এককথায় ক্লান্তিকর। তিনটি প্রীতি ম্যাচ খেলতে তাকে আকাশপথে পাড়ি দিতে হবে প্রায় ৩৪ হাজার কিলোমিটার পথ, যা পুরো পৃথিবী একবার ঘুরে আসার সমান!

আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া এবং ৩ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ক্রীড়া দৈনিক 'স্পোর্ত'-এর মতে, একজন খেলোয়াড়ের জন্য এটি অহেতুক এবং চরম শারীরিক ধকলের এক সফর। কারণ এই ম্যাচগুলোর খুব একটা প্রতিযোগিতামূলক গুরুত্ব নেই। অস্ট্রেলিয়া গত বিশ্বকাপে মিশরের কাছে হেরে ৩২ দলের পর্ব থেকেই বিদায় নিয়েছিল, আর ভারতের বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ১৩৮।

বার্সেলোনার এত ভয়ের মূল কারণ অতীত অভিজ্ঞতা। জাতীয় দলের হয়ে সর্বশেষ দুইবার ডাক পেয়েই মারাত্মক ইনজুরি নিয়ে ক্লাবে ফিরেছিলেন রাফিনিয়া। গত মার্চে আনচেলত্তির অধীনে যুক্তরাষ্ট্রে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ডান ঊরুর পেশিতে চোট পেয়ে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিটকে যান তিনি। ফলে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পায়নি বার্সা। দল ওই দুই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও শেষ পর্যন্ত লা লিগা শিরোপা জিতেছিল।

দুর্ভাগ্য সেখানেও থামেনি। এরপর নিজের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে গিয়েও ইনজুরিতে পড়েন তিনি। হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাত্র ৩৮ মিনিটের মাথায় আবারও সেই ডান ঊরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন। নরওয়ের কাছে হেরে ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার আগে তিনি আর মাঠে ফিরতেই পারেননি।

সব মিলিয়ে ক্যারিয়ারের সেরা স্পেলে থাকা রাফিনিয়া এই দীর্ঘ ভ্রমণ আর গুরুত্বহীন প্রীতি ম্যাচগুলোর ধকল সামলে সুস্থ শরীরে ক্লাবে ফিরতে পারবেন কি না, সেটাই এখন বার্সেলোনার সবচেয়ে বড় চিন্তার বিষয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর