মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলকে স্পর্শ করার সুযোগ হাতছাড়া করল ইন্টার মায়ামি। রোববার রাতে ঘরের মাঠ নু স্টেডিয়ামে সান দিয়েগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছে মেসিবাহিনী। ডেনিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ারের দারুণ জোড়া গোল ইন্টার মায়ামির টানা জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। নিয়মিত মৌসুমের আটটি ম্যাচ বাকি থাকতে শীর্ষস্থানে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে পড়ল চ্যাম্পিয়নরা।
১২তম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে সান দিয়েগোকে এগিয়ে নেন ডেনমার্কের আন্তর্জাতিক ফুটবলার অ্যান্ডার্স ড্রেয়ার। সাময়িক ধাক্কা সামলে ২৪তম মিনিটে মায়ামিকে সমতায় ফেরান লিওনেল মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া বাঁকানো ফ্রি-কিকে পোস্টের ভেতরের কোণ স্পর্শ করে জালে জড়ায় বল। এটি ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে মেসির ১০১তম গোল।
সমতায় ফেরার পর ইন্টার মায়ামি ম্যাচের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। মেসি, লুইস সুয়ারেস এবং রদ্রিগো দে পল একের পর এক আক্রমণ সাজালেও প্রথমার্ধে লিড নিতে ব্যর্থ হয় মায়ামি।
অবশেষে ৭৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মায়ামি। রদ্রিগো দে পলের চমৎকার পাস ধরে ৩৯ বছর বয়সী উরুগুয়েইন তারকা লুইস সুয়ারেস দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। জয় যখন নিশ্চিত বলে মনে হচ্ছিল, ঠিক তখনই ম্যাচের শেষ ১০ মিনিটে পুনরায় আঘাত হানে সান দিয়েগো।
ট্রাভার্সকভের নিখুঁত লং পাস থেকে প্রথম গোলের প্রায় হুবহু পুনরাবৃত্তি ঘটিয়ে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে সান দিয়েগোকে ২-২ সমতায় ফেরান ড্রেয়ার। অতিরিক্ত সময়ে কাইরান সার্জেন্টের জোরালো শট মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার ঠেকিয়ে না দিলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হতো মেসিদের।




