বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববারের ভার্চুয়াল সভায় এক ঝটকায় দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। একদিকে ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে পুরো ঘরোয়া কাঠামোকেই নতুন করে সাজানোর নীতিগত অনুমোদন দিয়েছে।
পুরুষদের চার দিনের ম্যাচে এখন প্রতি ম্যাচ ফি হবে দেড় লাখ টাকা। ওয়ানডেতে এক লাখ এবং টি-টোয়েন্টিতে আশি হাজার টাকা।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের খেলোয়াড়রা পাবেন পনেরো হাজার টাকা। নারীদের ক্ষেত্রে তিন দিনের ম্যাচে চল্লিশ হাজার, ওয়ানডেতে ত্রিশ হাজার এবং টি-টোয়েন্টিতে বিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতাও দ্বিগুণ করে বিশ হাজার টাকা করা হয়েছে।
শুধু ফি বাড়ানোই নয়, বিসিবি ঘরোয়া ক্রিকেটের পুরো কাঠামো বদলাতে যাচ্ছে। ফার্স্ট ক্লাস, লিস্ট এ ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন সংস্করণই একই ছয় দলীয় প্রতিযোগিতার অধীনে আনা হবে।
দলগুলোর মালিকানা প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেশের বড় করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই নতুন কাঠামোর প্রথম আয়োজন হিসেবে আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।




