রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আর্জেন্টিনার কোচ হিসেবে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনার কোচ হিসেবে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন স্কালোনি

ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই সিরিজেই বিদায় জানানো হবে লিওনেল মেসিকে। এদিকে এই ম্যাচের আগে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি প্রথমবারের মতো নিজের দায়িত্ব নিয়ে কথা বললেন। দেশে ফেরার আগে এশিয়ার এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

বুয়েনস আইরেসে পৌঁছানোর আগে দেওয়া সেই সাক্ষাৎকারে স্কালোনি সরাসরি বলেননি তিনি থাকবেন কি না। বরং এই সিদ্ধান্তকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন না তিনি। নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে বলেন, “আমরা চেষ্টা করবো, আমরা থাকি বা না থাকি।”

২০২৬ সালের শেষ পর্যন্ত স্কালোনি আর্জেন্টিনার দায়িত্বে থাকবেন, এটা নিশ্চিত। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন চায় তিনি অন্তত ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকুন। তিনি নিজে এএফএকে না বললে কোচ হিসেবে তাকে না দেখার কোনো সম্ভাবনা নেই। অথচ তিনি যখন অনিশ্চয়তার কথা বলছেন, তখন নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

সেপ্টেম্বরের এই উইন্ডোর জন্য স্কালোনি অনেক নতুন মুখকে ডেকেছেন। সে বিষয়ে তিনি বলেন, “এখন থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমরা সেটার জন্য সুযোগ তৈরি করবো। সত্যিই তারা এটার যোগ্য। আগামী ম্যাচগুলোতে মূল লক্ষ্য থাকবে এমন তরুণদের সুযোগ দেওয়া, যারা আমাদের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারবে। এখন একটা গুরুত্বপূর্ণ ও সুন্দর অধ্যায় শুরু হচ্ছে। দরজায় কড়া নাড়া এই ছেলেদের ওপর আস্থা রাখার সময় এখন। আমি সবসময় বলি, বয়স কোনো মাপকাঠি নয়। কেউ থাকবে বা নতুন কেউ আসবে, সেটা নির্ভর করবে তাদের ক্লাবের পারফরম্যান্স ও আমাদের প্রয়োজনের ওপর। তবে প্রথম লক্ষ্য হলো, যারা আমাদের জার্সি গায়ে খেলা চালিয়ে যেতে পারে, তাদের সবাইকে সুযোগ দেওয়া।”

নতুন প্রজন্ম নিয়ে কথা বলতে গিয়ে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে জেতা কোপা আমেরিকা ২০২৪-এর পরের সময়ের সঙ্গে তুলনা করেন স্কালোনি। তিনি বলেন, “কোপা আমেরিকা ২০২৪-এর পরও আমার মনে হয়েছিল সামনের সময়টা কঠিন হবে। সব শিরোপা জেতার পর, বিশ্বকাপের দুই বছর বাকি থাকতেই একধরনের সংশয় তৈরি হয়েছিল। কিন্তু আবার সেই জায়গায় ফিরে গিয়ে দেখেছি, প্রতিযোগিতা চালিয়ে যাওয়া সত্যিই সম্ভব ছিল।”

বিশ্বকাপ পরবর্তী সময় নিয়ে তিনি আরও বলেন, “ফাইনাল শেষ হওয়ার পর, জিতি বা হারি; সেটা বিষয় নয়। এখন থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমরা সেই সুযোগ তৈরি করবো। শিরোপা পুনরাবৃত্তির কথা বলছি না। দলের প্রতি মানুষের যে আবেগ তৈরি হয়েছে, সেটা ধরে রাখাই কঠিন কাজ। এমনটা আবার করা সহজ হবে না। মানুষ এই জাতীয় দলের সঙ্গে নিজেদের একাত্ম করে ফেলেছে। ভয় লাগে, তবে ভালো অর্থেই ভয় লাগে। একজন কোচ হিসেবে জানতেই হবে যে এটা কঠিন হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করবো, আমরা থাকি বা না থাকি। এটাই গুরুত্বপূর্ণ বিষয় নয়।”

স্পেনের বিপক্ষে হারের দুই মাস পর যুক্তরাষ্ট্র বিশ্বকাপে দলের অবস্থা নিয়ে কাতার বিশ্বকাপের সঙ্গে তুলনা করেন স্কালোনি। তিনি বলেন, “আগের বিশ্বকাপে আমরা অনেক ভালো অবস্থায় গিয়েছিলাম, ৯৫ শতাংশ খেলোয়াড় স্বাভাবিক ছিল। এবার অনেক সীমাবদ্ধতা নিয়ে গিয়েছিলাম। খেলোয়াড়েরা শতভাগ ফিট ছিল না, কিন্তু আমরা তাদের ওপর আস্থা রেখেছিলাম। আগের চেয়ে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা যেসব খেলোয়াড়কে চেয়েছিলাম, তাদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। যা বলা হয়েছিল তা সত্যি ছিল, তাদের ওপর আস্থা রাখতে হয়েছে। এই আট বছরে যারা সবকিছু দিয়েছে, তাদের ওপর আস্থা রাখা জরুরি ছিল। একজন ফুটবলারের চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর