শনিবার রাতে রোমের স্টাদিও অলিম্পিকোতে দুই দুই গোলে পিছিয়ে পড়েও অধিনায়ক লাউতারো মার্তিনেসের দুর্দান্ত জোড়া গোলে রোমার বিপক্ষে ২-২ ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। দুই দলেরই শতভাগ জয়ের রেকর্ড নিয়ে শুরু হওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরপুর। ইতালিয়ান ফুটবলের নতুন মৌসুমের শুরুতে এই ম্যাচটিকে আগাম 'স্কুদেত্তো রেস'-এর এক বড় ঝলক হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা।
ম্যাচ শুরুর আগে সম্প্রতি ৮৩ বছর বয়সে প্রয়াত হওয়া ইন্টার ও ইতালির মহাতারকা স্যান্ড্রো মাজোলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় দুই দল। নেরাজুরি ফুটবলাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।
ক্রিশ্চিয়ান কিভুর ইন্টার মিলানকে চমকে দিয়ে ম্যাচের ষষ্ঠ মিনিটেই রোমাকে এগিয়ে দেন মানু কোনে। নাহুয়েল মোলিনার বাড়ানো বল থেকে কোনির চমৎকার শট ইন্টার গোলরক্ষককে পরাস্ত করে। এরপর ৩৬তম মিনিটে বক্সে জটলার ভেতর থেকে কোনে তাঁর দ্বিতীয় গোল করে রোমাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। শুরুতে অফসাইডের পতাকা তোলা হলেও ভিএআর পর্যালোচনার পর রেফারি গোলের সিদ্ধান্ত দেন। প্রথমার্ধে মার্কাস থুরাম সহজ সুযোগ মিস করেন এবং আলেসান্দ্রো বাস্তোনির শট পোস্টে লাগলে হতাশ হতে হয় ইন্টারকে।
বিরতির পর ভিন্ন এক রূপ নিয়ে মাঠে নামে ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধ শুরুর ১ম মিনিটেই থুরামের সহায়তায় কোনাকুনি শটে ব্যবধান ২-১ করেন লাউতারো মার্তিনেস। ৬৮তম মিনিটে রোমার ডনয়েল মালেনের একটি নিশ্চিত গোল ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেস থেকিয়ে দেন।
ম্যাচের শেষ দিকে আক্রমণের ধার আরও বাড়ায় সফরকারীরা। ৮০তম মিনিটের পর রোমার বক্সে তৈরি হওয়া জটলায় মাইল স্ভিলারের সেভ ও মার্তিনেসের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। তবে ফিরতি বলে নিয়ন্ত্রণ নিয়ে ঊরুতে ট্র্যাপ করে দারুণ এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ইন্টারকে সমতায় ফেরান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার। গত সপ্তাহের মতো এবারও দুই গোলে পিছিয়ে থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১ পয়েন্ট ছিনিয়ে নিল ইন্টার মিলান।




