শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

এশিয়া কাপের সেমিফাইনালে হারার মাত্র কয়েক দিনের মাথায় আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে শুক্রবার শেষ কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশর বিপক্ষে সেমিফাইনালের লড়াই নিশ্চিত করেছে ভারত। আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

বৃষ্টির কারণে বৃহস্পতিবার চীনের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠে গিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। ভারতের বিজয়ে শেষ চারের লাইনআপ চূড়ান্ত হলো। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা-মালয়েশিয়া ম্যাচের বিজয়ী দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি জাপান। স্পিনার শ্রী চারানি মাত্র ১০ রানে ৪টি এবং শেফালি বর্মা ১৩ রানে ২ উইকেট নিলে মাত্র ৫৭ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। পাওয়ারপ্লেতে ২৪ রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।

জবাবে ৫৮ রানের লক্ষ্য মাত্র ৫ ওভারেই টপকে যায় এশিয়ান গেমসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শেফালি বর্মা ১৫ বলে ৪০ রানের অপরাজিত বিধ্বংসী ঝড় তোলেন এবং রিচা ঘোষ ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

গত ১০ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল ভারত। শেফালি বর্মার ৪০ বলে ৬৪ রানের ওপর ভর করে ভারত প্রথমে ব্যাট করে ১৪৯ রান সংগ্রহ করার পর বাংলাদেশ ৭ উইকেটে ১০৯ রানে থেমে যায়।

এশিয়া কাপের সেই হতাশা পেছনে ফেলে এশিয়ান গেমসে এবার স্বর্ণপদকের দৌড়ে ভারতকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার দারুণ এক মঞ্চ পাচ্ছে জ্যোতির দল। ২০২৩ সালের হাংঝৌ গেমসের স্বর্ণজয়ী ভারতের বিপক্ষে লাল-সবুজের মেয়েরা কতটা চমক দেখাতে পারে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর