দুই গোলের আরামদায়ক ব্যবধানে এগিয়ে থেকেও রক্ষণের চরম ব্যর্থতায় ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে লিগ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতের এই লজ্জাজনক হারে ওল্ড ট্র্যাফোর্ডে মাইকেল ক্যারিকের দলের ওপর সংকটের মেঘ আরও ঘনীভূত হলো।
মাত্র ১০ মিনিটের ব্যবধানে শিয়া লেসি ও মেসন মাউন্টের গোলে দারুণ শুরু করেছিল রেড ডেভিলরা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে চারালাম্পোস কোস্টুলাস ব্রাইটনের হয়ে এক গোল শোধ করে খেলায় ফেরান। এরপর দ্বিতীয় অর্ধে প্যাসকেল গ্রস সমতা ফেরানোর পর ম্যাক্সিম ডি কুইপার জয়সূচক গোলটি করে ওল্ড ট্র্যাফোর্ডকে স্তব্ধ করে দেন। ম্যাচ শেষে ঘরের মাঠে ম্যানইউয়ের দর্শকরা ভুয়ো ধ্বনি দিয়ে মাঠ ছাড়েন ক্যারিকের দলকে।
গত রবিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিতর্কিত ১-০ হারের পর এটি ইউনাইটেডের জন্য আরও একটি বড় ধাক্কা। সিটির হয়ে আর্লিং হালান্ডের গোলটি দেওয়ার ক্ষেত্রে ভিএআরের সিদ্ধান্ত ভুল ছিল বলে পরবর্তীতে স্বীকার করে রেফারিদের সংস্থা। প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচে মাত্র একটি জয় পাওয়া ইউনাইটেডের জন্য এই বিদায় নতুন মৌসুমে বড় ধরনের সংকটের আভাস দিচ্ছে।
গত মৌসুমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দারুণ সাফল্য দেখালেও, স্থায়ীভাবে দায়িত্ব পাওয়ার পর থেকে শেষ ছয় ম্যাচের তিনটিতে হেরেছেন ক্যারিক। আগামী রবিবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের মুখোমুখি হবে তারা, যেখানে হারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
এদিন একাদশে আটটি পরিবর্তন এনেছিলেন ক্যারিক, যা স্কোয়াডের গভীরতাহীনতাকে পুরোপুরি উন্মোচিত করেছে। তবে এই অন্ধকারের মাঝেও ১৯ বছর বয়সী মিডফিল্ডার শিয়া লেসি আশার আলো জুগিয়েছেন। ম্যাচের অষ্টম মিনিটে বক্সের ভেতরে চমৎকার ফিনিশিংয়ে ইউনাইটেডের হয়ে নিজের প্রথম সিনিয়র গোলটি করেন লেসি। দুই মিনিট পর মার্কাস র্যাশফোর্ডের শট ব্রাইটন গোলরক্ষক জেসন স্টিল ঠেকিয়ে দিলে ফিরতি বলে জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন মাউন্ট।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আয়ডেন হেভেনের দুর্বল ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে কার্ল ডারলোকে পরাস্ত করেন কোস্টুলাস। এই গোল ইউনাইটেডকে পুরোপুরি মানসিক ব্যাকফুটে ঠেলে দেয়। ৬৫ মিনিটে লুকা ভুশকোভিচের হেডার নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে বল জালে জড়ান অভিজ্ঞ প্যাসকেল গ্রস।
সমতায় ফেরার পর ইউনাইটেডের বিষন্নতার সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ব্রাইটন। ৭০তম মিনিটে কোস্টুলাস-ডি কুইপার জুটির সমন্বয়ে ছয় গজ দূর থেকে তৃতীয় গোলটি করেন ডি কুইপার। পরবর্তীতে ব্রুনো ফার্নান্দেস ও মাথেউস কুনহাকে মাঠে নামিয়েও সমতায় ফিরতে পারেনি ক্যারিকের দল।
গত নয় মাসের ব্যবধানে দুইবার ওল্ড ট্র্যাফোর্ডে এসে ইউনাইটেডকে কাপ টুর্নামেন্ট থেকে বিদায় করল ব্রাইটন- এর আগে গত জানুয়ারিতে এফএ কাপেও একই পরিণতি হয়েছিল রেড ডেভিলদের। এছাড়া গত ৫০ বছরের মধ্যে এই প্রথম ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও হেরে যাওয়ার ইতিহাস গড়ল ম্যানচেস্টার ইউনাইটেড।
দিনের অন্য ম্যাচে ট্যামি আব্রাহামের জোড়া গোলে সিবিএস অ্যারেনায় কভেন্ট্রিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলা। জর্জে হেমিংসের পাসে সপ্তম মিনিটে ভিলাকে এগিয়ে নেন আব্রাহাম। ২৭ মিনিটে ভিক্টর তোর্পের দৃষ্টিনন্দন ফ্রি-কিকে কভেন্ট্রি সমতায় ফিরলেও বিরতির ঠিক আগে রস বার্কলির হেডারে পুনরায় লিড নেয় ভিলা। ৫৯ মিনিটে বার্কলির ফ্লিক থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন আব্রাহাম।
অন্য ম্যাচে বদলি হিসেবে নেমে ৮০ মিনিটে বাকানো শটে ১-০ গোলের জয় এনে দিয়ে এভারটনকে পরের রাউন্ডে তোলেন চার্লি আলকারাজ। চর্তুথ স্তরের দল ফ্লিটউড টাউন ১-০ গোলে দ্বিতীয় স্তরের শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রথমবারের মতো চতুর্থ রাউন্ডে ওঠার ইতিহাস গড়েছে।




