সাউথ্যাম্পটনে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের ১১৯ রানের দুর্দান্ত জয়ই বলে দিচ্ছে ইংলিশদের সাদা বলের ক্রিকেটে কেভিন পিটারসেনের মেন্টরশিপ কতটা দ্রুত প্রভাব ফেলতে শুরু করেছে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত বিশেষ স্পেশালিস্ট মেন্টর হিসেবে চলতি মাসের শুরুতেই ইংল্যান্ড স্কোয়াডে যোগ দিয়েছেন আইসিসি হল অব ফেমার পিটারসেন। আর ড্রেসিংরুমে পা রাখতেই অধিনায়ক হ্যারি ব্রুক ও পুরো দলের ওপর তাঁর ইতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৯ বলে অপরাজিত ১১৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন ব্রুক। সাউথ্যাম্পটনে এই ইনিংস খেলার পথে গ্যালারিতে বসে পিটারসেনকেও উল্লাসে মেতে উঠতে দেখা যায়। ম্যাচ শেষে ব্রুক জানান, খেলার নামার আগে তিনি ল্যাপটপে কিংবদন্তি পিটারসেনের পুরোনো ব্যাটিং হাইলাইটস দেখছিলেন।
ব্রুক বলেন, "মজার ব্যাপার হলো, ম্যাচের আগে আমি তাঁর (পিটারসেন) ব্যাটিংয়ের হাইলাইটস দেখছিলাম। তিনি ছিলেন এক অসাধারণ খেলোয়াড়। মাঠের বিভিন্ন প্রান্তে যেভাবে তিনি শট খেলতেন, তাতে তাঁর বিপক্ষে ফিল্ডিং সাজানো বা বল করা যেকোনো অধিনায়কের জন্যই কঠিন ছিল। তাঁর কাছ থেকে ব্যাটিং শেখার জন্য আমি মুখিয়ে আছি।"
তিনি আরও যোগ করেন, "ড্রেসিংরুমে থাকা আমাদের অনেকের কাছেই তিনি এক হিরো। আমরা ছোটবেলা থেকে তাঁর খেলা দেখে বড় হয়েছি। ড্রেসিংরুমে তাঁর মতো মাপের একজনকে পাওয়া সত্যি অসাধারণ ব্যাপার। শুধু সাদা বলের ক্রিকেট নয়, টেস্ট ক্রিকেটেও তিনি আমার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলবেন বলে আশা করছি।"
সাবেক ইংলিশ পেসার স্টিভেন ফিন ব্রুকের এই ব্যাটিং তাণ্ডবের পর তাঁকে আধুনিক ফুটবলের মতো ক্রিকেটেরও বর্তমান সময়ের 'সেরা অল-ফরম্যাট ব্যাটার' বলে দাবি করেন। আইসিসি র্যাংকিংও তাঁর এই দাবিকে সমর্থন জানাচ্ছে- তিন ফরম্যাটের (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) ব্যাটিং র্যাংকিংয়ের প্রথম ১৬ জনের মধ্যে জায়গা করে নেওয়া একমাত্র ব্যাটার এখন হ্যারি ব্রুক।
এদিকে সাবেক ইংলিশ টেস্ট অধিনায়ক বেন স্টোকস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে ব্রুককে পিটারসেনের চেয়েও এগিয়ে রাখেন। স্টোকস লেখেন, "আমার তো মনে হয় না যে কেপি-র মতো জাদুকরী খেলোয়াড়ও প্রতিভার দিক থেকে হ্যারি ব্রুকের ধারেকাছে আসতে পারবে। এরা জিনিয়াস খেলোয়াড়! তুমি এক অবিশ্বাস্য প্রতিভা, হ্যারি। তোমার ব্যাটিং দেখা আনন্দের।"
তিন ম্যাচের এই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার কার্ডিফে আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড।




