ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচেই হারের পর পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম এখন একটু অন্যরকম পথে হাঁটতে চাইছেন। আন্তর্জাতিক ম্যাচের চাপ ছাড়াই দীর্ঘ সময়ের ফরম্যাটে নিজেকে গুছিয়ে নিতে তিনি প্রায় সাত বছর পর দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। এমনটায় জানায় পাকিস্তান সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে।
বাবর ওয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ওজিডিসিএল) হয়ে চলমান প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-ওয়ানে খেলবেন। দলের ক্রীড়া বিভাগের প্রধান ফারাহ বাতুল ডনকে জানিয়েছেন, বাবর ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে পাকিস্তান ফিরবেন এবং পরদিনই ওজিডিসিএল দলে যোগ দেবেন। তার কিটও অর্ডার করা হয়েছে। তবে তিনি সঙ্গে সঙ্গে মাঠে নামবেন কিনা, সেটা এখনো ঠিক হয়নি। বাবর নিজে সিদ্ধান্ত নেবেন দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন, নাকি তৃতীয় ম্যাচ থেকে।
ওজিডিসিএল ইসলামাবাদে পাকিস্তান টেলিভিশনের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলছে। এরপর ১৮ সেপ্টেম্বর পেশোয়ারে কিংসম্যান একাডেমির বিরুদ্ধে এবং ২৪ সেপ্টেম্বর খান রিসার্চ ল্যাবরেটরিজের (কেআরএল) বিরুদ্ধে তাদের ম্যাচ। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবরকে অতিথি খেলোয়াড় হিসেবে ওজিডিসিএলকে দিয়েছে। বোর্ড চাইছে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটাররা ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচে অংশ নিক। সেই উদ্যোগের অংশ হিসেবেই এই ফেরা। ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি কেআরএলের হয়ে এবং টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আঘা কিংসম্যান একাডেমির হয়ে খেলছেন।
বাবরের শেষ ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচ ছিল ২০১৯ সালের ৩০ ডিসেম্বর। তখন তিনি সেন্ট্রাল পাঞ্জাবকে নেতৃত্ব দিয়ে কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে নর্দার্নকে এক ইনিংস ও ১৬ রানে হারিয়ে শিরোপা জিতিয়েছিলেন। তারপর আর এই ফরম্যাটে খেলেননি।
টেস্টে তার ব্যাটিং নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছে। সাম্প্রতিক বছরগুলোতে গড় খুব একটা ভালো থাকেনি। চার বছর ধরে কোনো সেঞ্চুরিও নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টে ১৯৬ রান করে সিরিজ সেরা হয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড সিরিজে প্রথম টেস্ট চোটের কারণে মিস করার পর পরের দুই ম্যাচে চার ইনিংসে মাত্র ৮, ৬, ৭ ও ৭৬ রান করেছেন। জুলাইয়ে আবার টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ১-১ ড্র হলেও ইংল্যান্ডে ৩-০ ব্যবধানে হার হয়েছে।




