চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ২৫ শতাংশ শেয়ার চেয়েছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি- সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এমন এক গুঞ্জন ও খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বলা হচ্ছিল, ২৫ শতাংশ শেয়ারের প্রস্তাব দেওয়ার পর তা কমিয়ে ২০ শতাংশে আনা হয় এবং ফ্র্যাঞ্চাইজি তাঁকে ৫.৫ শতাংশ শেয়ারের প্রস্তাব দিয়েছিল।
একটি ক্রীড়াভিত্তিক গণমাধ্যমকে (ক্রিকবাজ) দেওয়া সাক্ষাৎকারে সিএসকে-র এক সিনিয়র কর্মকর্তা জানান, ধোনি কখনো তাদের কাছে দলের শেয়ার বা মালিকানা চাননি।
ওই সিনিয়র কর্মকর্তা বলেন, "এমএস ধোনি আমাদের কাছে এই বিষয়ে কখনোই কিছু চাননি। আমরা কখনোই এ নিয়ে কোনো আলোচনা করিনি। এমনকি তিনি যে এন শ্রীনিবাসনের সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলেছেন, সে সংক্রান্ত কোনো তথ্যও আমাদের কাছে নেই।"
শেয়ার চাওয়া সংক্রান্ত জল্পনা ভিত্তিহীন প্রমাণিত হলেও, সিএসকে-র প্যারেন্ট কোম্পানিতে ধোনির কিছু শেয়ার রয়েছে। যেহেতু চেন্নাই সুপার কিংস লিমিটেড তালিকাভুক্ত নয় এমন কোম্পানি, তাই মুক্ত বাজারে এর শেয়ার লেনদেন হয় না। তবে অফ-মার্কেট বা প্রাইভেট লেনদেনের মাধ্যমে এর শেয়ার হাতবদল করা সম্ভব।
প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে ধোনির ঝুলিতে ১ লাখেরও বেশি সিএসকে শেয়ার রয়েছে। তবে বিশাল এই ফ্র্যাঞ্চাইজির মোট মূলধনের তুলনায় তা খুবই সামান্য। যেখানে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে ৩০ কোটিরও বেশি আউটস্ট্যান্ডিং শেয়ার (মোট মূলধনের প্রায় ৪০%) রয়েছে, সেখানে সাবেক বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের পরিবার ও নিয়ন্ত্রণকারীদের কাছে রয়েছে ৫৫ শতাংশেরও বেশি শেয়ার।
আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বর্তমান বাজারমূল্য অনুযায়ী ধোনির মালিকানায় থাকা এই শেয়ারের আনুমানিক মূল্য ২.৬ থেকে ৩ কোটি টাকা। উল্লেখ্য, প্রায় ১,২০০ কোটি টাকার নিট সম্পদের মালিক মহেন্দ্র সিং ধোনির জন্য এই শেয়ারের পরিমাণ নিতান্তই কম।
সিএসকে-র এই খবর প্রকাশের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে এই দাবিকে "অবাস্তব" ও সাজানো বা প্ল্যান্ট করা গল্প বলে উল্লেখ করেন তিনি।
আকাশ চোপড়া বলেন, "সম্প্রতি আরসিবি-র ক্ষেত্রে ১.৭ থেকে ১.৮ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনের কথা শোনা গেছে। চেন্নাই সুপার কিংসও একই মানের ও মর্যাদার ফ্র্যাঞ্চাইজি। আপনি যেভাবে মূল্যায়ন করতে চান করুন, কিন্তু এই দলটি পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে এবং ভারতের বাইরেও বিভিন্ন লিগে তাদের দল রয়েছে।"
ব্র্যান্ড ভ্যালুর বিষয়টি তুলে ধরে তিনি আরও যোগ করেন, "তাদের ঐতিহ্য এবং সাফল্য অসাধারণ। চেন্নাই সুপার কিংস একটি খুবই বড় ব্র্যান্ড। কোনো ব্র্যান্ড যদি ১.৮ বিলিয়ন ডলারের হয় আর ধোনি যদি তার ২৫ শতাংশ শেয়ার চেয়ে থাকেন, তবে সেটা মোটেও বাস্তবসম্মত নয়। এটা সম্ভবই না। বিনামূল্যে কেউ কাউকে ৪০০ মিলিয়ন ডলার দিয়ে দেবে না। বলতে গেলে ২৫ শতাংশ শেয়ার পাইতে হলে আপনাকে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। আইপিএলের কোনো দলই কাউকে এভাবে ২৫ শতাংশ মালিকানা ছেড়ে দেবে না।"




