শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দুর্দান্ত হ্যাটট্রিকে মেসিকে ছাড়িয়ে মাস্তানতুয়োনোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

দুর্দান্ত হ্যাটট্রিকে মেসিকে ছাড়িয়ে মাস্তানতুয়োনোর রেকর্ড

শুক্রবার রাতে সিরি আ-তে এক অবিস্মরণীয় পারফর্ম্যান্সে নিজের উপস্থিতি জানান দিলেন ১৮ বছর ছাড়ানো আর্জেন্টাইন বিস্ময় বালক ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। প্রথম গোল খেয়ে পিছিয়ে পড়ার পর ভেনেসিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে চলতি মৌসুমে ফিওরেন্টিনাকে প্রথম জয়ের মুখ দেখান ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। আর এই যাত্রাতেই ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে তিনি ভেঙে দিয়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির দীর্ঘদিনের এক ঐতিহাসিক রেকর্ড।

১৯ বছর ২৮ দিন বয়সে এই দুর্দান্ত হ্যাটট্রিক করে ইউরোপের শীর্ষ ৫ লিগে হ্যাটট্রিক করা সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন খেলোয়াড়ে পরিণত হলেন মাস্তান্তুয়োনো।

এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন স্বদেশী কিংবদন্তি লিওনেল মেসিকে। ২০০৭ সালের মার্চে ক্যাম্প ন্যু-তে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্মরণীয় সেই ৩-৩ ড্রয়ের এল ক্লাসিকোতে বার্সেলোনার হয়ে যখন প্রথম হ্যাটট্রিক করেছিলেন মেসি, তখন তাঁর বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন।

মাস্তান্তুয়ানোর এই ঐতিহাসিক রাতের শুরুটা কিন্তু সহজ ছিল না। ২২ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার আকোর অ্যাডামসের গোলে লিড নিয়ে ফিওরেন্টিনাকে চেপে ধরেছিল ভেনেসিয়া।

তবে প্রতিপক্ষকে চেপে ধরার কোনো সুযোগই দেননি এই তরুণ তুর্কী। মাত্র এক মিনিটের ব্যবধানে পুরো ম্যাচের গতিপথ বদলে দেন তিনি। ম্যাচের ৩০ মিনিটে ফিওরেন্টিনার জার্সিতে নিজের প্রথম গোল করার পর, চোখের পলকে দ্বিতীয় গোলটি করে 'লা ভিওলা'দের এগিয়ে নেন মাস্তান্তুয়োনো। ফিওরেন্টিনার হয়ে তাঁর করা প্রথম দুটি গোল দলকে এমন এক লিড এনে দেয়, যা তারা ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত হাতছাড়া হতে দেয়নি।

বদলি হিসেবে নামা মাতেও পেলেগ্রিনো ফিওরেন্টিনার ব্যবধান আরও বাড়ান, তবে মাস্তান্তুয়ানোর তাণ্ডব তখনও বাকি ছিল। ম্যাচের বাঁশি বাজার মাত্র ছয় মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই আর্জেন্টাইন। এর মাধ্যমে তিনি এক অনন্য ব্যক্তিগত পারফরম্যান্সকে স্মরণীয় করে রাখার পাশাপাশি সিরি আ-র ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেন।

শেষ দিকে ফরাসি মিডফিল্ডার অ্যান্টোইন হেইনট ভেনেসিয়ার হয়ে ব্যবধান কমানো একটি গোল করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ইউরোপের শীর্ষ লিগগুলোতে এক ম্যাচে তিন গোল করা সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন ফুটবলারদের তালিকায় মাস্তান্তুয়োনো এখন ছাড়িয়ে গেছেন একঝাঁক মহাতারকাকে। মৌরো ইকার্দি ১৯ বছর ৩৪৩ দিন বয়সে এবং আন্তোনিও অ্যাঞ্জেলিলো ২০ বছর ১৭ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন। আর গঞ্জালো হিগুয়াইন নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন ২০ বছর ৩৩৪ দিন বয়সে।

মাস্তান্তুয়ানোর জন্য এই অসাধারণ অর্জনটি এল ফিওরেন্টিনার হয়ে মাত্র তাঁর পঞ্চম ম্যাচে। রিভার প্লেটের সাবেক এই তরুণ প্রতিভা বর্তমানে রিয়াল মাদ্রিদ থেকে ধারে ইতালিতে খেলছেন। ইতালীয় ফুটবলে শুরুটা বেশ ধীরগতির হলেও ভেনিসের এক অবিশ্বাস্য রাত তাঁর জীবনের চিত্রটা সম্পূর্ণ বদলে দিল।

তাঁর এই তিন গোল কেবল ফিওরেন্টিনার টানা তিন ম্যাচের হারের ধারাবাহিকতাই ভাঙেনি, বরং চলতি মৌসুমে ক্লাবের প্রথম ৩ পয়েন্ট নিশ্চিত করেছে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে ফিওরেন্টিনা, অন্যদিকে টেবিলের তলানিতে নেমে গেছে ভেনেসিয়া। প্রথম চার ম্যাচে দুই দলই ১১টি করে গোল হজম করেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর