বয়স ৪৭ পেরিয়ে গেলেও স্পিনের জাদু যে এতটুকু কমেনি, তা আবারও প্রমাণ করলেন ইমরান তাহির। যখন তাঁর সমসাময়িক প্রায় সব ক্রিকেটারই অবসর নিয়ে ফেলেছেন, তখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন ইতিহাস গড়লেন এই দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে বিধ্বংসী বোলিং করে ১৭ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছেন তাহির।
তাঁর এই স্পেল সেন্ট লুসিয়া কিংসকে মাত্র ১১৯ রানে গুটিয়ে দেয়, যা ১৮.৩ ওভারে সহজেই টপকে যায় গায়ানা। এই স্পেলের সৌজন্যে ৪৭ বছর ১৬৭ দিন বয়সে টি-টোয়েন্টি ফুটবলের ইতিহাস এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বয়স্ক বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার নিজের রেকর্ডটিই নতুন করে ভাঙলেন তাহির। এর আগে ২০২৫ সালে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ৪৬ বছর বয়সে ফাইফার নিয়ে আগের বিশ্বরেকর্ডটি গড়েছিলেন তিনি। এবার তাঁর শিকারের তালিকায় ছিলেন রোস্টন চেজের মতো ব্যাটারও।
এর আগের বিশ্বরেকর্ডটি ছিল কুক আইল্যান্ডসের ক্রিকেটার তোমাকানুতে রিতাভার দখলে। ২০২২ সালে ফিজির বিপক্ষে ৪৬ বছর ২৯৯ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে তিনি এই রেকর্ডটি গড়েছিলেন। রিতাভাকে পেছনে ফেলে নতুন ইতিহাস লিখলেন তাহির।
এই বিধ্বংসী স্পেলের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিকবার ৫ উইকেট নেওয়া বোলারদের তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন এই প্রোটিয়া স্পিনার। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ছিল তাঁর ৬ষ্ঠ ফাইফার। এই তালিকার শীর্ষে রয়েছেন ডেভিড ভিসা, যিনি ক্যারিয়ারে মোট ৭ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।




