বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৫০ দিনে ৫ টেস্টের অগ্নিপরীক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

৫০ দিনে ৫ টেস্টের অগ্নিপরীক্ষায় বাংলাদেশ

ক্রিকেট মাঠে সাধারণত এক লড়াইয়ের পর কিছুটা দম ফেলার সুযোগ মেলে। কিন্তু টাইগারদের ড্রেসিংরুমে এখন শুধুই সুটকেস গোছানোর ব্যস্ততা। এক দেশ থেকে আরেক দেশ, এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাট; মাঝখানে বিশ্রামের সুযোগ বলতে গেলে শূন্যের কোঠায়। বিশেষ করে আভিজাত্যের সাদা পোশাকে এমন ম্যারাথন দৌড় গত কয়েক বছরে দেখেইনি বাংলাদেশ। আগামী মাত্র ৫০ দিনের মধ্যে ৫টি টেস্ট খেলতে নামছে টিম টাইগার্স, যার ৪টিই আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ অংশ। প্রধান নির্বাচক হাবিবুল বাশারের ‘টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার’ দেওয়ার ঘোষণার বাস্তব পরীক্ষা শুরু হচ্ছে এখনই।

সেপ্টেম্বরের শেষে জাপানে এশিয়ান গেমসের টি-টোয়েন্টি আসর দিয়ে শুরু হচ্ছে ক্রিকেটারদের এই রোলারকোস্টার যাত্রা। এরপর সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেওয়া, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং সবশেষে ডিসেম্বরে কঠিন দক্ষিণ আফ্রিকা সফর। সবচেয়ে বড় চিন্তার ভাঁজ ফেলেছে দুই সিরিজের মাঝখানের সময়টুকু। বাংলাদেশ যদি এশিয়ান গেমসের ফাইনালে ওঠে, তবে আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে প্রস্তুতি ও বিশ্রামের জন্য সময় মিলবে মাত্র ৫ দিন। 

একইভাবে, সিলেটে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার পর মাত্র পাঁচ দিনের ব্যবধানে জোহানেসবার্গে প্রোটিয়াদের মুখোমুখি হতে হবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান শাহরিয়ার নাফীসও পরিস্থিতিটির গুরুত্ব অনুধাবন করছেন। তাঁর মতে, সাদা বলের ক্রিকেটে এমন টানা খেলার অভিজ্ঞতা থাকলেও, গত চার বছরে টেস্টে এত ঠাসা সূচির মুখে দলকে পড়তে হয়নি।

খেলোয়াড়দের এই অমানবিক ধকল সামলাতে বিসিবির হাতে এখন মূল অস্ত্র ‘রোটেশন পলিসি’ বা ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো। বিশেষ করে দলের ছয় মূল পেসারের ফিটনেস ধরে রাখতে কাজের চাপ কমানো ছাড়া কোনো বিকল্প নেই। জানা গেছে, আমিরাত ও দক্ষিণ আফ্রিকায় সীমিত ওভারের ম্যাচগুলোতে মূল টেস্ট তারকাদের যথাসম্ভব বিশ্রাম দেওয়া হবে। 

এছাড়া কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য, যারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন না, তাদের একজন কোচের তত্ত্বাবধানে আগেভাগেই দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে দেওয়ার দারুণ এক পরিকল্পনাও রয়েছে। এরই মাঝে স্কোয়াড গোছানোর কাজও চলছে। 

ইংল্যান্ড থেকে ফিরে ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমসের দলে যোগ দিচ্ছেন পেসার হাসান মাহমুদ। অন্যদিকে খালেদ আহমেদকে ২৭ তারিখ পর্যন্ত কাউন্টি খেলার অনুমতি দিয়েছে বোর্ড।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর