বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পাকিস্তান ক্রিকেটকে বাঁচানো সম্ভব নয়: ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

পাকিস্তান ক্রিকেটকে বাঁচানো সম্ভব নয়: ওয়াসিম আকরাম

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের দল যখন একের পর এক ধাক্কা খাচ্ছে, তখন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম নিজের মনের কথা খুলে বলেছেন। এজবাস্টনে সিরিজের শেষ টেস্ট শুরুর আগে ‘দ্য অ্যাথলেটিক’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন; এই ফলাফল তাঁকে বিন্দুমাত্র অবাক করেনি। সিরিজ শুরুর আগেই তিনি জানতেন, পাকিস্তান ৩-০ ব্যবধানে হারবে।

আকরামের কথায়, ব্যাটিং লাইনআপ সংগ্রাম করছে, বোলিংয়ের মান গড়পড়তা আর ফিল্ডিং তার চেয়েও খারাপ। এসব তো আর কোনো রকেট সায়েন্স নয়। তিনি বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাকিস্তানে একটা কথা আছে—‘তালি বাজাতে দুই হাত লাগে’। অর্থাৎ শুধু একদিকের চেষ্টায় কিছু হয় না।

অনেকেই তাঁকে বারবার অনুরোধ করেন পাকিস্তান ক্রিকেটকে বাঁচাতে কিছু করতে। কিন্তু আকরাম বলেন, ‘আমাকে সবসময়ই জিজ্ঞেস করা হয়, “পাকিস্তান ক্রিকেটকে বাঁচাতে আপনি কি কিছু করতে পারেন না?” কিন্তু সমস্যাগুলো অনেক গভীরে। বর্তমান স্কোয়াডের খেলোয়াড়রাই যেন দেশের সেরা, এর বাইরে আর কেউ নেই। নিচের স্তরের ক্রিকেটে তো কোনো ঠিকঠাক সিস্টেমই নেই। গত কয়েক বছর ধরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের অবকাঠামো সম্পূর্ণ এলোমেলো হয়ে আছে, সেখানে কোনো ধারাবাহিকতার বালাই নেই।’

বোর্ডের হঠকারী সিদ্ধান্ত আর সমর্থকদের ধৈর্যচ্যুতি নিয়েও কথা বলেছেন তিনি। ‘বোর্ডের এই অস্থিরতা শেষ পর্যন্ত ভক্তদের মধ্যেও ছড়িয়ে পড়ে। দল হারলেই তারা সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে চায়। আমরা অতীতে বহুবার এমনটা করেছি এবং এখন আসলে আর কিছুই অবশিষ্ট নেই।’

বর্তমান পরিস্থিতিতে ইংল্যান্ড সিরিজে ২-০ তে এগিয়ে আছে। পাকিস্তান দল ইতিমধ্যে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। আকরামের এই কঠোর মন্তব্য সেই সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে। একক কোনো ব্যক্তির চেষ্টায় এই ভাঙন ধরা কাঠামো ঠিক করা সম্ভব নয় বলেই মনে করেন এই ‘সুলতান অব সুইং’।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর