বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্পেনের আরেকটি ক্লাব কিনছেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম

শেয়ার করুন:

স্পেনের আরেকটি ক্লাব কিনছেন মেসি

মাঠে এক সময় বলের যাদু দিয়ে গোটা বিশ্বকে মাতিয়ে রাখা লিওনেল মেসি এখন ফুটবলের ব্যবসায়িক দিকটাতেও ধীরে ধীরে পা বাড়াচ্ছেন। খেলোয়াড় হিসেবে এখনো ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে নামলেও মালিকানা নিয়ে তার পরিকল্পনা অনেকটাই স্পষ্ট হয়ে উঠছে। স্পেনের দ্বিতীয় বিভাগে খেলা সিডি এলদেনসে ক্লাবের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কেনার বিষয়ে তিনি নীতিগতভাবে একমত হয়েছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ক্লাবের বর্তমান সংখ্যাগরিষ্ঠ মালিক থি সলুসিওনেস গ্রুপ এসএএস-এর কাছ থেকে সব শেয়ার কেনার ব্যাপারে মেসির পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে চূড়ান্ত হওয়ার আগে স্পেনের হাই কাউন্সিল ফর স্পোর্টস (সিএসডি)-এর অনুমোদন লাগবে এবং ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এটি মেসির প্রথম মালিকানার অভিজ্ঞতা নয়। গত এপ্রিলে তিনি স্পেনের পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেল্লার সম্পূর্ণ মালিকানা নিজের নামে নিয়েছিলেন। ইন্টার মিয়ামির সঙ্গে খেলোয়াড়ি চুক্তি শেষ হলে ওই এমএলএস ক্লাবেও অংশীদারিত্ব পাওয়ার কথা রয়েছে তার। এলদেনসে হবে তার স্পেনে প্রথম পেশাদার ক্লাবের মালিকানা।

আলিকান্তে প্রদেশের এলদা শহরে গড়ে ওঠা এ ক্লাবের বয়স শতাধিক বছর। বেশিরভাগ সময় নিচের লিগে কাটালেও সাম্প্রতিক বিনিয়োগের কারণে গত চার মৌসুমের তিনটিতেই দ্বিতীয় বিভাগে খেলেছে তারা। তবে চলতি মৌসুমে শুরুটা ভালো হয়নি। প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে গত সপ্তাহে কোচ ক্লদিও বাররাগানকে বরখাস্ত করা হয়েছে।

এলদার মেয়র রুবেন আলফারোও নীতিগত চুক্তির খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শহর ও ক্লাবের জন্য এটি বড় সুযোগ হতে পারে। তবে এখনো চূড়ান্ত হয়নি বলে সতর্ক থাকার কথাও জানিয়েছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর